ঢাকা, বুধবার, মার্চ ১১, ২০২৬ | ২৭ ফাল্গুন ১৪৩২
Logo
logo

বিসিবি নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ৫ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

বিসিবি নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ৫ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় স্বাধীন তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. সোলায়মান খান স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, ২০২৫ সালের বিসিবি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সম্মতিতে ৫ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে সভাপতি করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সালেহ আহমেদ সম্রাট।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচন ২০২৫-এ অনিয়ম, কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখা। এছাড়া প্রয়োজনীয় তথ্য, নথিপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য সংগ্রহ করা হবে। একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া বিধিবিধান অনুযায়ী হয়েছে কি না, তা পরীক্ষা করা হবে।

কমিটি ভবিষ্যতে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশ দেবে এবং ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বাধ্য থাকবে।