ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

হ্যারি পটারের ড্যানিয়েল র‍্যাডক্লিফের নেশা, শারীরিক ক্ষতি ও কঠোর ফিটনেসে জীবনের রূপান্তর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

হ্যারি পটারের ড্যানিয়েল র‍্যাডক্লিফের নেশা, শারীরিক ক্ষতি ও কঠোর ফিটনেসে জীবনের রূপান্তর

জে কে রাউলিং-এর জাদুকরী দুনিয়ার সেই হ্যারি পটার বা ড্যানিয়েল র‍্যাডক্লিফ একটি প্রজন্মের শৈশবকে রোমাঞ্চে ভরিয়ে দিয়েছে। তবে পর্দার সেই জাদুকরের বাস্তব জীবন কখনও হয়ে উঠেছিল বিভীষিকাময়। সম্প্রতি নিজ জীবনের এক অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন এই হলিউড তারকা। তিনি জানিয়েছেন, জনপ্রিয়তার চূড়ান্ত পর্যায়ে কীভাবে তিনি সিগারেট এবং অ্যালকোহলের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন।

ড্যানিয়েল বলেন, “মাত্র ১৮ বছর বয়সেই আমি মারাত্মকভাবে মদ্যপান ও ধূমপানের দিকে ঝুঁকি নিয়েছিলাম। ছোটবেলায় পাওয়া আকাশচুম্বী জনপ্রিয়তা আমাকে বিভ্রান্ত করেছিল।”

তিনি আরও বলেন, “আমি ভাবতাম কাজ আরও ভালো হবে অথবা ভক্তদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠব—এই ভুল ধারণা থেকেই নেশার জগতে পা বাড়িয়েছিলাম। কিন্তু ফল উল্টো হয়েছিল। নেশার কারণে আমার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি শুরু হয়।”

২০১০ সালের দিকে নিজের শরীরে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করে তিনি নেশা থেকে দূরে থাকার চেষ্টা শুরু করেন। তবে তা সহজ ছিল না। ২০১২ সালে আবারও অনিয়ন্ত্রিত জীবন শুরু হয়, যা তার ক্যারিয়ার ও স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। পরবর্তীতে কঠোর ফিটনেস রুটিন এবং জীবনযাত্রায় পরিবর্তন আনার মাধ্যমে তিনি সেই বৃত্ত থেকে বের হন। এমনকি কফি খাওয়ার অভ্যাসও কমিয়ে দেন।

উল্লেখ্য, ২০০৭ সালে হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা মুক্তির পর ড্যানিয়েল অনেক ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তবে হ্যারি পটার চরিত্রের বিশাল প্রভাব তার ক্যারিয়ারে যেমন আশীর্বাদ ছিল, তেমনি টাইপকাস্টিং-এর বেড়াজালও তৈরি করেছিল। জীবনের কঠিন সময় কাটিয়ে এখন তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরেছেন।