ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

ঋতুপর্ণা সেনগুপ্ত রাজনীতি এড়িয়ে অভিনয়ে মনোনিবেশ, শোবিজের উচ্চপ্রোফাইল জীবনের আসল সার্থকতা খুঁজছেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ঋতুপর্ণা সেনগুপ্ত রাজনীতি এড়িয়ে অভিনয়ে মনোনিবেশ, শোবিজের উচ্চপ্রোফাইল জীবনের আসল সার্থকতা খুঁজছেন

বর্তমান সময়ে শোবিজ জগতের তারকাদের রাজনৈতিক ময়দানে নাম লেখানো নতুন ঘটনা নয়। ওপার বাংলার দেব থেকে শুরু করে কোয়েল—একাধিক জনপ্রিয় মুখ এখন সক্রিয় রাজনীতির মাঠে। তবে ইন্ডাস্ট্রির হাই-প্রোফাইল তারকা হওয়া সত্ত্বেও নিজেকে সবসময় এই আঙিনা থেকে দূরে রেখেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

টলিউডের প্রথম সারির অনেক শিল্পী যখন সিনেমা এবং রাজনীতির মাঠ একসঙ্গে সামলাচ্ছেন, তখন ঋতুপর্ণা কেন ব্যতিক্রম? সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কারণ নিজেই খোলসা করেছেন অভিনেত্রী।

রাজনীতিতে যোগ না দেওয়ার কারণ হিসেবে ঋতুপর্ণা স্পষ্ট জানিয়েছেন, তিনি রাজনীতির মারপ্যাঁচ একেবারেই বোঝেন না।

তার ভাষ্য অনুযায়ী, “আমি রাজনৈতিক ব্যাপারটা কিছুই বুঝি না। এমনকি নিজের ব্যক্তিগত জীবন বা ইন্ডাস্ট্রির পলিটিক্সও বুঝি না। যার ফলে বারবার হোঁচট খেতে হয়। যে বিষয়ে আমার সঠিক ধারণা নেই, সেখানে আমি কাজ করতে চাই না।”

রাজনীতির চেয়ে নিজের অভিনয় জীবনকে সমৃদ্ধ করতেই বেশি আগ্রহী এই তারকা। তিনি আরও বলেন, “আমি একজন শিল্পী। সবসময় আমার শৈল্পিক সত্তাকে প্রাধান্য দিতে চাই এবং আমার শিল্পী জীবনকে আরও উন্নত করতে চাই। শিল্পী হিসেবে যদি মানুষের জন্য কিছু করতে পারি, সেটাই আমার আসল সার্থকতা।”