এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম

প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত মাসেই নারী বিপিএল আয়োজনের চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বোর্ড। তিন ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তবে শেষ পর্যন্ত সেই সূচি বদলে গেছে। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-টোয়েন্টির উদ্বোধনী আসর এখন ১০ থেকে ২১ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হবে বগুড়া, চট্টগ্রাম ও ঢাকায়।
এর আগে এই টুর্নামেন্ট ৪ থেকে ১৪ এপ্রিল ২০২৬ পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেটি কয়েক মাস পিছিয়ে জুলাইয়ে নেওয়া হয়েছে।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি মালিক এবং প্রধান অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত দলগুলোকে স্কোয়াড গঠন, আন্তর্জাতিক ক্রিকেটার নিয়োগ এবং বিভিন্ন পরিচালনগত পরিকল্পনা করার জন্য আরও সময় দিতেই টুর্নামেন্টটি পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে এপ্রিল থেকে সরিয়ে নারী বিপিএল জুলাইয়ে নেওয়ার বিষয়টি উঠে এসেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনেও। ইতোমধ্যে নারী বিপিএলের দুটি দলের নাম চূড়ান্ত করা হয়েছে—রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরেটস। এছাড়া ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে রংপুর রাইডার্সও।
ভেন্যু নিয়েও শুরুতে কিছু পরিকল্পনা ছিল। প্রথমে বলা হয়েছিল মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচগুলো আয়োজন করা হবে। পরে নতুন করে যুক্ত হয় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামও। এমনকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি সেখানেই হওয়ার কথা ছিল।
এদিকে তিন ফ্র্যাঞ্চাইজির প্রতিটিতে আইকন ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে জাতীয় দলের তিন তারকাকে। তারাই নেতৃত্ব দেবেন তিনটি দলকে। আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক সর্বোচ্চ ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার এবং সোবহানা মোস্তারি।
সব মিলিয়ে সূচি পিছিয়ে গেলেও নারী বিপিএল ঘিরে আগ্রহ কমেনি। বরং নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতির জন্য আরও সময় পাওয়ায় টুর্নামেন্টটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আশা করছে সংশ্লিষ্টরা।