এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজেসিএ) এর বরাত দিয়ে টাইমস কুয়েত জানিয়েছে, হামলায় বিমানবন্দরের বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ডিজেসিএ-এর বিবৃতিতে বলা হয়েছে, “আজ বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে বেশ কয়েকটি বিস্ফোরকবাহী ড্রোন আঘাত করেছে। কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করছে এবং বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের ব্যবস্থা নিচ্ছে।”
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়।
পরের দিন, ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে। যুদ্ধের প্রথম দিন ২৮ অক্টোবর নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত ৪০ জন ইরানের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা।
হামলার প্রতিক্রিয়ায়, ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশের মার্কিন সেনাঘাঁটি ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এই দেশগুলো হলো সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।