ঢাকা, বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬ | ২৮ ফাল্গুন ১৪৩২
Logo
logo

হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, পুলিশ তদন্তের পথে সিদ্ধান্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ, পুলিশ তদন্তের পথে সিদ্ধান্ত

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে উদযাপনের সময় ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া নিয়ে চাঞ্চল্যকর ঘটনা। জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় আইনজীবী ওয়াজিদ খান পুনের শিভাজি নগর পুলিশ স্টেশন-এ অভিযোগপত্র জমা দিয়েছেন এবং এফআইআর করার আবেদন করেছেন।

অভিযোগে বলা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় পান্ডিয়া জাতীয় পতাকা শরীরে জড়িয়ে ‘অশোভন আচরণ’ করেছেন। আইনজীবীর দাবি, ভারতের ত্রিবর্ণ পতাকা জড়িয়ে এমন আচরণ দেশের আইনের লঙ্ঘন এবং জাতীয় পতাকার মর্যাদার অবমাননা। তাই তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আপাতত শুধু অভিযোগপত্র জমা পড়েছে। বিস্তারিত তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মাঠে পারফরম্যান্স অসাধারণ

যদিও মাঠে পান্ডিয়ার পারফরম্যান্স ছিল দারুণ। পুরো টুর্নামেন্টে ব্যাট-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দুটি অর্ধশতক করার পাশাপাশি ৯টি উইকেট নেন তিনি।

ফাইনাল ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ

শিরোপা নির্ধারণী ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে ৯৬ রানের ব্যবধানে হারিয়ে জেতে। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রান করে ভারত। জবাবে নিউজিল্যান্ড সব উইকেট হারিয়ে ১৫৯ রানেই গুটিয়ে যায়। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত।

বিশ্বকাপ জয়ের পর পান্ডিয়া বলেন, দেশের জন্য ট্রফি জেতাই তার প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও ভারতের হয়ে আরও শিরোপা জিততে চান তিনি।