ঢাকা, রবিবার, জুন ৭, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

ইরাকের আকাশে বিধ্বস্ত মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান, ভেতরে ছিলেন ছয় সেনা; দুর্ঘটনার কারণ অজানা


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০২:০৩ পিএম

ইরাকের আকাশে বিধ্বস্ত মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান, ভেতরে ছিলেন ছয় সেনা; দুর্ঘটনার কারণ অজানা

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছয়জন মার্কিন সেনা ছিলেন।

শুক্রবার বাংলাদেশ সময় মধ্যরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। তারা নিশ্চিত করেছে, ইরাকের আকাশে বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বোয়িং কেসি-১৩৫ মডেলের রিফুয়েলিং বিমান।

বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, এই বিমানটিতে মোট ছয়জন সেনা অবস্থান করছিলেন।

বোয়িং কোম্পানির তৈরি এই কেসি-১৩৫ বিমানগুলো মূলত ১৯৫০ থেকে ১৯৬০-এর দশকের মধ্যে তৈরি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এগুলো মাঝ আকাশে যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করার কাজে ব্যবহৃত হয়ে আসছে এবং মার্কিন বিমানবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এই ধরনের রিফুয়েলিং বিমানের বড় সুবিধা হলো, যুদ্ধবিমানকে জ্বালানি নিতে ভূমিতে অবতরণ করতে হয় না। মাঝ আকাশেই জ্বালানি সরবরাহ করা সম্ভব হয়, ফলে দীর্ঘ সময় আকাশে অভিযান চালানো সহজ হয়।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে এই বিমানটিও ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, দুটি বিমানের মধ্যে দুর্ঘটনা ঘটেছিল। এর মধ্যে একটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি বিধ্বস্ত হয়েছে।

তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।