ঢাকা, রবিবার, মার্চ ২২, ২০২৬ | ৮ চৈত্র ১৪৩২
Logo
logo

ইরাকি কুর্দিস্তানে হামলায় ফরাসি সেনা নিহত, কয়েকজন আহত; তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০২:০৩ পিএম

ইরাকি কুর্দিস্তানে হামলায় ফরাসি সেনা নিহত, কয়েকজন আহত; তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে হামলার ঘটনায় একজন ফরাসি সেনা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, ইরাকের এরবিল অঞ্চলে হামলার সময় ‘সপ্তম আলপাইন চেসার্স ব্যাটালিয়ন’-এর ওয়ারেন্ট অফিসার আরনাড ফ্রিয়ন ফ্রান্সের জন্য প্রাণ উৎসর্গ করেছেন।

তিনি নিহত সেনার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের প্রতি সংহতি প্রকাশ করেন।

ম্যাক্রোঁ আরও জানান, একই হামলায় বেশ কয়েকজন ফরাসি সেনা আহত হয়েছেন। তবে আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন,
“২০১৫ সাল থেকে আইএস (ISIS)-এর বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত আমাদের বাহিনীর ওপর এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরাকে ফরাসি সেনাদের উপস্থিতি সম্পূর্ণভাবে সন্ত্রাসবাদবিরোধী অভিযানের অংশ।

ম্যাক্রোঁর ভাষায়,
“চলমান ইরান যুদ্ধ এ ধরনের হামলাকে কোনোভাবেই জায়েজ করতে পারে না।”

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো পশ্চিমা দেশগুলোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যেই ফরাসি সেনাদের হতাহতের এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।