ঢাকা, রবিবার, জুন ৭, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ট্রাম্পের মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ, ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ০২:০৩ পিএম

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ট্রাম্পের মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ, ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

চলতি বছরের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার বক্তব্যের কড়া জবাব দিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল।

সম্প্রতি ট্রাম্প বলেন, “বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ শোভনীয় হবে না।”

এই মন্তব্যের পরই ইরান ফুটবল দলের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন, যার নিয়ন্ত্রক সংস্থা হলো ফিফা (FIFA)—কোনো নির্দিষ্ট দেশ নয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ইরানের ফুটবলাররা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ জয় অর্জন করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

ইরান দলের বক্তব্য,
“নিশ্চিতভাবে কেউই ইরান দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ক্ষমতা রাখে না।”

তারা আরও বলেছে, যদি কোনো দেশকে বাদ দেওয়ার প্রশ্ন ওঠে, তাহলে সেই দেশের কথাই ভাবা উচিত যারা শুধু ‘আয়োজক’ নাম ধারণ করে আছে কিন্তু অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

এই বক্তব্যে সরাসরি যুক্তরাষ্ট্রের দিকেই ইঙ্গিত করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ইরানের বিবৃতিতে আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক পাল্টা বার্তা। ইরান বোঝাতে চাইছে, যুদ্ধের আবহে বিদেশি ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জন্যও বড় চ্যালেঞ্জ হতে পারে।

ফিফার নিয়ম অনুযায়ী, রাজনৈতিক কারণে কোনো দেশ এককভাবে অন্য দেশের বিশ্বকাপ অংশগ্রহণ ঠেকাতে পারে না।

তবে অতীতে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে ফিফা নিষিদ্ধ করেছিল। সেই নজিরের প্রেক্ষাপটেই ইরান আগেভাগে নিজের অবস্থান পরিষ্কার করেছে।

ইরান দলের বক্তব্য, তারা মাঠের লড়াইয়ে যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপে এসেছে, তাই রাজনৈতিক কারণে তাদের বাদ দেওয়া হলে সেটি হবে সম্পূর্ণ বেআইনি।