এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০২:০৩ পিএম
ইরানে চলমান যুদ্ধে মার্কিন স্থলবাহিনী নামানোর কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি আরও বলেছেন, এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে বলে ধারণা করছেন।
গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে গ্রাহাম বলেন,“এ অভিযানে আমাদের লক্ষ্য হলো ইরানের পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র হুমকির মূল শেকড় ভেঙে দেওয়া। অভিযান শেষে ইরানের ক্ষমতায় যেই থাকুক না কেন, তারা যুক্তরাষ্ট্রকে আর কোনো হুমকি দিতে পারবে না। কারণ তাদের কাছে পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে না।”
গ্রাহাম আরও বলেন,
“আমাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী অভিযান চালাচ্ছে। তারা ভালোভাবে দায়িত্ব পালন করছে। স্থলবাহিনীর সেনাদের নামানোর প্রয়োজন নেই। এটি ইরাক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মানি বা জাপানও নয়।”
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলেছিল। কিন্তু ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়।
পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে মার্কিন সামরিক বাহিনী। একই সময়ে ইসরায়েলও শুরু করে ‘অপারেশন রোয়ারিং লায়ন’।
যুদ্ধের প্রথম দিনে ২৮ অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তা নিহত হন।
হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশ—সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মার্কিন সেনাঘাঁটিগুলো এবং বেসামরিক স্থাপনায় দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।