এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ০৩:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ক্ষমতাসীন সরকারের সদস্য ও কর্মকর্তাদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই বক্তব্য দিয়েছেন।
শুক্রবার ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন,“আমরা ইরানের সন্ত্রাসী সরকারকে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং অন্যান্যভাবে পুরোপুরি ধ্বংস করছি। ইরানের নৌবাহিনী ডুবে গেছে, বিমান বাহিনী বলতে আর কিছু অবশিষ্ট নেই। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সমরাস্ত্রও শেষ হয়ে যাচ্ছে। এই সরকারের নেতারা একে একে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন।”
তিনি আরও বলেন,“আমাদের আছে অতুলনীয় সমরাস্ত্র, সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময়। এই উন্মাদ গোষ্ঠীর কী হয়—আপনারা দেখবেন। গত ৪৭ বছর ধরে তারা নিরপরাধ লোকদের হত্যা করছে। এখন আমি, যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে তাদের হত্যা করছি। এটা অত্যন্ত সম্মানজনক।”
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলেছিল। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়া শেষ হয় সংলাপ।
পরের দিন, ২৮ ফেব্রুয়ারি, ইরানে শুরু হয় ‘অপারেশন এপিক ফিউরি’, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর উদ্যোগে। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইসরায়েল চালায় ‘অপারেশন রোয়ারিং লায়ন’।
যুদ্ধের প্রথম দিন ২৮ ফেব্রুয়ারি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তার মৃত্যু হয়।
হামলার পাল্টা জবাবে ইরান, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় ৬ দেশ এবং সেখানে মার্কিন সেনাঘাঁটিসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।