এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তা না পাওয়া পাকিস্তান আজ মাঠে নেমেছে জয়ের দৃঢ় প্রত্যয় নিয়ে। আর শুরু থেকেই সেই লক্ষ্যেই আগ্রাসী ব্যাটিং করতে দেখা গেছে সফরকারী দলকে। ওপেনার মাজ সাদাকাতের ঝোড়ো ফিফটি পাকিস্তানকে এনে দিয়েছে দুর্দান্ত সূচনা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯৯ রান তুলেছে পাকিস্তান। ক্রিজে এখনো অপরাজিত আছেন মাজ সাদাকাত ৭৪ রান ও সাহিবজাদা ফারহান ১৮ রান নিয়ে। দুজনের জুটিতে দ্রুতই বড় স্কোরের দিকে এগোচ্ছে দলটি।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে ব্যাট হাতে ইনিংস শুরু করে পাকিস্তান।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন ওপেনার মাজ সাদাকাত। বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। অন্য প্রান্তে সমানতালে তাকে সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।
মাত্র ৩১ বলেই নিজের অর্ধশতক পূর্ণ করেন সাদাকাত, যা পাকিস্তানের ইনিংসকে এনে দেয় দ্রুত গতি। বর্তমানে তিনি সেঞ্চুরির পথেই এগিয়ে যাচ্ছেন। তার ব্যাটে ভর করেই বড় সংগ্রহের স্বপ্ন দেখছে পাকিস্তান দল।