এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে হঠাৎই উদ্বেগজনক এক ঘটনা ঘটে। বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধে চোট পান পাকিস্তান দলের অলরাউন্ডার হুসাইন তালাত।
ঘটনার পরপরই তাকে মাঠ থেকে সরিয়ে অ্যাম্বুলেন্সে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এতে কিছু সময়ের জন্য মাঠে উদ্বেগের পরিবেশ তৈরি হয়।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিং করার সময় কাঁধে আঘাত পান তালাত। ঘটনার পর দলের মেডিকেল স্টাফরা মাঠেই তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেন।
প্রাথমিক মূল্যায়নের পর আরও বিস্তারিত পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের অতিরিক্ত মেডিকেল পরীক্ষার পরই চোটের প্রকৃতি ও কতটা গুরুতর তা জানা যাবে বলে জানিয়েছে পিসিবি।
প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ভালো করতে পারেনি পাকিস্তান। সেই ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। মাজ সাদাকাত ও সালমান আলি আগার ফিফটি এবং মোহাম্মদ রিজওয়ানের ক্যামিও ইনিংসের ওপর ভর করে সবকটি উইকেট হারিয়ে ২৭৪ রান তোলে সফরকারীরা।
২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। ইতোমধ্যে তিনটি উইকেট হারিয়েছে স্বাগতিকরা। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেটে ২৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।