ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

সালমানের রানআউট নিয়ে বিতর্ক, মিরাজের পক্ষ নিলেন রমিজ রাজা!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম

সালমানের রানআউট নিয়ে বিতর্ক, মিরাজের পক্ষ নিলেন রমিজ রাজা!

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অন্যদিকে সফরকারীদের লক্ষ্য ছিল এই ম্যাচ জিতে সিরিজে টিকে থাকা।

সেই উদ্দেশ্যে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে। তবে একসময় তারা আরও বড় সংগ্রহের পথে ছিল। মাঝপথে ম্যাচের মোড় ঘুরে যায় সালমান আলি আগাকে করা মেহেদী হাসান মিরাজের একটি রানআউটকে ঘিরে, যা নিয়ে শুরু হয়েছে বড় বিতর্ক।

বাংলাদেশ দীর্ঘ সময় ধরে একটি ব্রেকথ্রুর অপেক্ষায় ছিল। অবশেষে ইনিংসের ৩৯তম ওভারে সেই সুযোগ আসে। বল করছিলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, এটি ছিল তার করা দশম ওভার।

ওভারের প্রথম তিন বলে মাত্র এক রান দেন মিরাজ। চতুর্থ বলটি মোহাম্মদ রিজওয়ান রক্ষণাত্মকভাবে খেলেন, আর বলটি সোজা চলে আসে মিরাজের দিকে। এ সময় রান নেওয়ার জন্য এগিয়ে যান সালমান আলি আগা।

সালমান চেয়েছিলেন মাটিতে থাকা বলটি মিরাজকে এগিয়ে দিতে এবং রানটি সম্পন্ন করতে। কিন্তু সেই সুযোগ দেননি বাংলাদেশের অধিনায়ক। দ্রুত বল কুড়িয়ে নিয়ে স্টাম্প ভেঙে দেন মিরাজ, ফলে রানআউট হয়ে যান সালমান।

ঘটনাটি দেখে যেন বিশ্বাসই হচ্ছিল না সালমানের। তখনও তিনি পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়ে ছিলেন। রাগে-ক্ষোভে গ্লাভস ও হেলমেট খুলে মাটিতে ছুড়ে মারেন তিনি। পরে রিপ্লে দেখে থার্ড আম্পায়ার কুমার ধর্মসেনা তাকে আউট ঘোষণা করেন।

এরপর প্রায় এক মিনিটেরও কম সময় বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করে মাঠ ছাড়েন সালমান। এ সময় কিছুটা মেজাজ হারাতে দেখা যায় লিটন দাসকেও, তাকে শান্ত করতে এগিয়ে যান মোহাম্মদ রিজওয়ান। মাঠের বাইরে গিয়েও সালমানকে বেশ রাগান্বিত দেখা যায়।

আউট হওয়ার আগে ৬৪ রান করেন সালমান আলি আগা এবং রিজওয়ানের সঙ্গে গড়েন ১০৯ রানের জুটি।

সালমানের বিদায়ের পরপরই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ। একই ওভারে ৪৪ রান করে আউট হন মোহাম্মদ রিজওয়ান।

তবে ম্যাচের বড় আলোচনার বিষয় হয়ে রয়েছে সালমানকে করা মিরাজের সেই রানআউট। বিষয়টি নিয়ে বিশদ ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা।

রমিজ রাজার মতে, এই ঘটনায় মিরাজের দিকটাই বেশি যুক্তিসঙ্গত। তিনি বলেন, সালমান হয়তো বন্ধুত্বপূর্ণ আচরণ করতে চেয়েছিলেন, কিন্তু মিরাজ ছিলেন সুযোগ পেলেই রানআউট করার জন্য প্রস্তুত।

ইনিংস বিরতির সময় রমিজ রাজা বলেন,
‘আমি ভিন্নভাবে বিষয়টি দেখছি। আজকের ম্যাচটি এমনভাবে চলছে যেখানে প্রতিটি মুহূর্তে সুযোগ খুঁজছে দলগুলো। এটি স্পোর্টসম্যান স্পিরিটের বাইরের বিষয় হতে পারে, কিন্তু এখানে মিরাজ অবশ্যই রানআউট করার অধিকার রাখেন। বিপরীতে সালমান আগার মনোযোগ ছিল ভালো কিছু করার দিকে। আপনি প্রতিপক্ষের সঙ্গে এমনভাবে বল এগিয়ে দিতে পারেন না। এরপর আগার প্রতিক্রিয়াতেই বোঝা গেছে তিনি কী করতে চেয়েছিলেন।’