ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬ | ২৯ ফাল্গুন ১৪৩২
Logo
logo

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে প্রস্তুত নয় মার্কিন নৌবাহিনী, উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক বাজারে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারা দিতে প্রস্তুত নয় মার্কিন নৌবাহিনী, উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক বাজারে

আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার জাহাজগুলোকে পাহারা দিতে যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত নয়। এই তথ্য জানিয়েছেন মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট, গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে।

তিনি বলেন, “এটা হয়তো শিগগিরই ঘটবে, কিন্তু এখন সম্ভব নয়। আমাদের সব সামরিক শক্তি এখন ইরানের আক্রমণাত্মক সক্ষমতা এবং তার উৎপাদন প্রতিষ্ঠান ধ্বংসের কাজে মনোযোগ দিয়েছে।”

অপর সাক্ষাৎকারে সিএনএনকে ক্রিস রাইট আরও বলেন, “যে ক্ষমতার কারণে গত ৪৭ বছর ধরে হরমুজ প্রণালীকে হুমকির মুখে রেখেছে ইরান, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী সেই ক্ষমতাকেই সীমিত করতে সেখানে গিয়েছে। যদি আমরা সেনা না পাঠাতাম, ইরান স্বল্প সময়ের মধ্যে হরমুজ প্রণালী দখল করে নিতে পারত।”

তিনি যুক্ত করেছেন, “হ্যাঁ, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জ্বালানি পরিবহনে কিছু সমস্যা হচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদি নিরাপত্তার জন্য স্বল্পমেয়াদি অসুবিধা মেনে নিতে হবে।”

হরমুজ প্রণালি আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করা আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে চলাচল করা তেল ও তরল গ্যাসবাহী জাহাজের ২০ শতাংশ এই রুট ব্যবহার করে।

মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির জন্য এই প্রণালীকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়। হরমুজ বন্ধ হলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বে পৌঁছানো সম্ভব হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করেছে। আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ না করলে হরমুজ দিয়ে চলাচলকারী মার্কিন, ইসরায়েলি ও তাদের মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা করা হবে।

ইতোমধ্যে কয়েকটি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুসারে, ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালীতে ১০টির বেশি তেলবাহী জাহাজে হামলা হয়েছে।

সম্প্রতি ইরানের সরকার হরমুজ প্রণালী বন্ধ রেখে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারে তোলার হুমকি দিয়েছে। এই বিষয়ে মার্কিন জ্বালানিমন্ত্রী মন্তব্য করেছেন, “এটি বাস্তবসম্মত নয়, তবে আমরা সামরিক অভিযানের দিকে মনোযোগ দেব।”