এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলার পর ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস, এবং দেশের শীর্ষ নেতৃত্ব এখন ভয়ে ‘ইঁদুরের মতো’ ভূগর্ভে লুকিয়ে আছে, এমনই দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ।
শুক্রবার পেন্টাগনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ বলেন, “ইরানের নেতৃত্বের অবস্থাও ভালো নয়। তারা চরম হতাশ এবং হন্যে হয়ে লুকিয়ে বেড়াচ্ছে। এখন তারা ভূগর্ভে চলে গেছে, ঠিক ইঁদুরের মতো ভয়ে কুঁকড়ে আছে।”
তিনি আরও দাবি করেন, ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি মার্কিন হামলায় মারাত্মকভাবে আহত এবং সম্ভবত ‘বিকৃত’ হয়েছেন। হেগসেথ বলেন, “সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি লিখিত বার্তা প্রদর্শিত হয়েছে। কিন্তু সেখানে কোনো কণ্ঠস্বর বা ভিডিও ছিল না। এটি অত্যন্ত দুর্বল এবং সন্দেহজনক।”
তিনি প্রশ্ন তোলেন, “ইরানের প্রচুর ক্যামেরা এবং ভয়েস রেকর্ডার থাকা সত্ত্বেও কেন শুধু লিখিত বিবৃতি দেওয়া হলো? সম্ভবত তিনি আহত, ভীত এবং পালাচ্ছেন। এছাড়া তার বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।”
হেগসেথ জানান, মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ১৫,০০০-এর বেশি হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা, বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ৯০ শতাংশের বেশি কমে গেছে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে চলা হামলায় ইরানে অন্তত ১,৪৪৪ জন নিহত এবং ১৮,৫৫১ জন আহত হয়েছেন, জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।