ঢাকা, শনিবার, মার্চ ১৪, ২০২৬ | ৩০ ফাল্গুন ১৪৩২
Logo
logo

এলচে ম্যাচে এমবাপে নেই, চোট সেরে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিপক্ষে ফেরা আশা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

এলচে ম্যাচে এমবাপে নেই, চোট সেরে চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটির বিপক্ষে ফেরা আশা

সহসাই মাঠে ফেরার সম্ভাবনা নেই কিলিয়ান এমবাপের। হাঁটুর পুরোনো চোটের কারণে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ দুটি ম্যাচে খেলতে পারেননি ফরাসি এই ফরোয়ার্ড। আজ রিয়াল মাদ্রিদ লা লিগায় এলচের মুখোমুখি হলেও এমবাপেকে পাওয়া যাবে না।

তার দলে না থাকার সময় দলের পারফরম্যান্স কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলের সেরা তারকাকে একাদশে পাওয়ার ব্যাপারে আশাবাদী রিয়াল কোচ আলভারো আরবেলোয়া।

১৮ মার্চ ম্যান সিটির মাঠে ফিরতি লেগে এমবাপের খেলা নিয়ে আলভারো বলেন,
“প্রতিদিন এমবাপের অবস্থা উন্নতি করছে। তার সেরে ওঠার প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমরা একটি পরিকল্পনা তৈরি করেছি, এটি তার উন্নতির ওপর নির্ভর করে। আমি দেখছি, সে খুব ভালো করছে। আগামীকাল ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে আমি আশা করি, ম্যানচেস্টারে খেলবে। আগামীকাল দেখব সে কেমন অনুভব করছে, রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

ঘরের মাঠে প্রথম লেগে ম্যান সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। ফিরতি লেগ প্রতিপক্ষের মাঠে হওয়ায় স্প্যানিশ ক্লাবটি সতর্কতা অবলম্বন করছে।

এমবাপের চোট ফ্রান্সের জন্যও দুশ্চিন্তার বিষয়। মাত্র তিন মাস পর বিশ্বকাপ শুরু হওয়ার কথা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদ তারকা হাঁটুর চোট নিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারেন, এমন আশঙ্কা তৈরি হয়েছে।