এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ভারতীয় ক্রিকেটের সাফল্যে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে আগামীকাল (রোববার) বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) রাজধানীতে আয়োজন করছে নামান অ্যাওয়ার্ডস। জমকালো এই অনুষ্ঠানে বিশেষ স্বীকৃতি পাবেন রজার বিন্নি, সাবেক অধিনায়ক ও কোচ রাহুল দ্রাবিড়, এবং নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজ।
এই তিন কিংবদন্তিকে দেওয়া হবে কর্নেল সি. কে. নাইড়ু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, যা ভারতীয় ক্রিকেটে সেবা, সততা ও স্থায়ী অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা হিসেবে পরিচিত।
দ্রাবিড়ের কোচিংয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই সফলতার পর এত বড় সম্মাননা পাচ্ছেন তিনি। এছাড়া ভারতীয় ক্রিকেটে আইসিসি ট্রফি জয়ী পাঁচটি ভারতীয় দলকেও সম্মাননা দেওয়া হবে এই অনুষ্ঠানে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “এই বছরের অনুষ্ঠানে রজার বিন্নি ও রাহুল দ্রাবিড়কে ভারতীয় ক্রিকেটে অসাধারণ সেবার স্বীকৃতি হিসেবে বিসিসিআইয়ের সর্বোচ্চ পুরস্কার কর্নেল সি. কে. নাইড়ু আজীবন সম্মাননা দেওয়া হবে। এছাড়া নারী ক্রিকেটে একই সম্মানে ভূষিত করা হবে মিতালি রাজকে।”
এছাড়া সেরা পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটার পলি উমরিগার অ্যাওয়ার্ড পাচ্ছেন শুভমান গিল। তার পাশাপাশি সেরা নারী আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে স্মৃতি মান্ধানাকে পঞ্চমবারের মতো সম্মাননা দেওয়া হবে।