এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬, ১১:০৩ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর একটি ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা ও জল্পনা তৈরি করেছে। ভিডিওতে তাঁর হাতে ছয়টি আঙুল দেখা গেছে বলে দাবি উঠেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি বা সম্পাদিত হতে পারে। একই সঙ্গে ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার গুজবও ছড়ানোর পর বিষয়টি আরও আলোচিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু শুক্রবার তাঁর এক্স (X) অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
ভিডিও প্রকাশের পর কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী লক্ষ্য করেন, নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। মুহূর্তের মধ্যে এটি ভাইরাল হয়ে যায়। অনেকে এটিকে ‘ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ’ হিসেবে বর্ণনা করেছেন। কেউ কেউ আবার দাবি করেন, নেতানিয়াহু আর বেঁচে নেই।
তবে এক্সের এআই চ্যাটবট গ্রোক এই দাবি খণ্ডন করেছে। তারা জানিয়েছে, নেতানিয়াহুর দুই হাতেই স্বাভাবিকভাবে পাঁচটি করে আঙুল আছে। ভিডিওর স্থিরচিত্রের কোণ এবং লাল বৃত্তের কারণে অপটিক্যাল ইল্যুশন তৈরি হয়েছে, যার ফলে ছয়টি আঙুলের মতো মনে হচ্ছে।
গ্রোক আরও জানিয়েছে, ইরানি গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর মৃত্যুর যে গুজব ছড়িয়েছে তা বিভিন্ন সংবাদমাধ্যম ইতোমধ্যেই ভুয়া বা অযাচাইকৃত হিসেবে চিহ্নিত করেছে।
এদিকে মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ক্যান্ডেস ওয়েন্সও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি এক্সে পোস্ট করে লিখেছেন, ‘বিবি কোথায়?’—যা নেতানিয়াহুর জনপ্রিয় ডাকনাম।