ঢাকা, সোমবার, মার্চ ১৬, ২০২৬ | ২ চৈত্র ১৪৩২
Logo
logo

তেহরানের আকাশে রণকৌশল: ইসরায়েলের হামলা ঠেকাতে মরিয়া ইরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

তেহরানের আকাশে রণকৌশল: ইসরায়েলের হামলা ঠেকাতে মরিয়া ইরান

মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন তেহরানের আকাশে। ইরানের রাজধানীতে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টার পর এই হামলার ঘোষণা দেয় ইসরায়েলি বাহিনী। তবে ইরান বসে নেই। পুরোদমে পাল্টা লড়াই চালাচ্ছে তারা।

ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোনের মোকাবিলায় মরিয়া হয়ে উঠেছে ইরানের সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছে, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা প্রতিহত করার চেষ্টা চলছে। রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের শব্দ শোনা যাচ্ছে।

এই যুদ্ধের এক চাঞ্চল্যকর চিত্র ধরা পড়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার ফুটেজে। সেখানে দেখা গেছে, তেহরানের ইউসেফ আবাদ এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। জানা গেছে, এই এলাকাটি ইরানের সবচেয়ে বড় ইহুদি সম্প্রদায়ের বসতি এলাকা হিসেবে পরিচিত। ফলে ইসরায়েলি হামলার ক্ষেত্রে এই এলাকাটি কেন গুরুত্বপূর্ণ হতে পারে, তা নিয়েও নানা জল্পনা শুরু হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত তৃতীয় সপ্তাহে পড়েছে। ইরান ইতিমধ্যে ইসরায়েল ও আমেরিকার অবস্থানের ওপর একের পর এক পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানের এই ভয়াল রাতে প্রশ্ন হচ্ছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি শেষ রক্ষা করতে পারবে?