ঢাকা, সোমবার, মার্চ ১৬, ২০২৬ | ২ চৈত্র ১৪৩২
Logo
logo

রণক্ষেত্র দুবাই বিমানবন্দর! ইরানের ড্রোন হামলায় অগ্নিকাণ্ড, সব ফ্লাইট বাতিল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

রণক্ষেত্র দুবাই বিমানবন্দর! ইরানের ড্রোন হামলায় অগ্নিকাণ্ড, সব ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের বুকে আতঙ্কের নতুন মাত্রা যোগ করেছে ইরানের ড্রোন হামলা। এবার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি— দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। ইরানের বিস্ফোরকবাহী ড্রোনের আঘাতে বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে বিমানবন্দরের বিরাট এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।

গতকাল রোববার মধ্যরাতে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক কাটেনি যাত্রীদের মধ্যে। ঘটনার পরপরই জারি করা হয়েছে জরুরি নির্দেশনা।

দুবাই প্রশাসনের জনসংযোগ দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় জানিয়েছে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অস্থায়ীভাবে বিমানবন্দরের সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বাতিল করা হয়েছে। যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের তাদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ফ্লাইটের সময়সূচি জেনে নেওয়ার অনুরোধ করা হচ্ছে। পরবর্তী হালনাগাদ তথ্য বিভিন্ন অফিশিয়াল চ্যানেলে জানিয়ে দেওয়া হবে।"

জানা গেছে, ইরানের ড্রোন হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংক লক্ষ্যবস্তু হওয়ায় বড় ধরনের দুর্যোগ এড়াতে দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, দুবাই বিমানবন্দর বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। প্রতিদিন এই বিমানবন্দর দিয়ে হাজার হাজার ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করে এবং বিশ্বজুড়ে লাখ লাখ যাত্রী তাদের গন্তব্যে যেতে এই বিমানবন্দর ব্যবহার করেন। ফলে সব ফ্লাইট বাতিলের এই ঘটনা বিশ্বব্যাপী বিমান চলাচলে বিরাট প্রভাব ফেলতে পারে।