ঢাকা, সোমবার, মার্চ ১৬, ২০২৬ | ২ চৈত্র ১৪৩২
Logo
logo

ট্রাম্পের ডাকে 'নট', হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে রাজি নয় জাপান!


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

ট্রাম্পের ডাকে 'নট', হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে রাজি নয় জাপান!

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ পাহারার দায়িত্ব নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকে সাফ জানিয়ে দিল জাপান— 'না'। ট্রাম্প যে ৬টি মিত্র দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন, তার মধ্যে প্রথম দেশ হিসেবে এই মিশনে যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানাল টোকিও।

গতকাল ১৫ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প জাপান, চীন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেনকে হরমুজ প্রণালীতে টহল দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে ১৩ ফেব্রুয়ারি তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শিগগিরই এই গুরুত্বপূর্ণ জলপথে তেলবাহী জাহাজগুলোকে পাহারা দেওয়া শুরু করবে।

কিন্তু ট্রাম্পের সেই আহ্বান ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দপ্তর থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, হরমুজ প্রণালীতে নিজেদের নৌবাহিনীর জাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, "আমরা এখনও সেখানে নিরাপত্তা জাহাজ পাঠানোর কোনো সিদ্ধান্ত নিইনি। আইনি কাঠামোর মধ্যে জাপান স্বাধীনভাবে কী কী করতে পারে, সে সম্পর্কে আমরা চিন্তাভাবনা করছি।"

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমিও একই সুরে কথা বলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, "আমরা কী করতে পারি এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের তা করা উচিত কিনা— সেটি অবশ্যই আলাদা বিষয়।"

এর আগে ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেছিলেন, "আমি চাই এই দেশগুলো এগিয়ে আসুক এবং নিজেদের এলাকা রক্ষা করুক; কারণ এটা (হরমুজ প্রণালী) তাদের এলাকা, এই এলাকা থেকেই তারা তাদের জ্বালানি সরবরাহ পায়।"

ট্রাম্পের তালিকায় থাকা বাকি দেশগুলো যেমন চীন, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া ও ব্রিটেন এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে জাপানের এই 'না'-এর পর ট্রাম্পের জোট গঠনের উদ্যোগ বড় ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা।