ঢাকা, সোমবার, মার্চ ১৬, ২০২৬ | ২ চৈত্র ১৪৩২
Logo
logo

পাকিস্তানের ক্রিকেট নিয়ে বড় মন্তব্য, বাংলাদেশের কাছে হারের পর কী বললেন সাবেক তারকা?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

পাকিস্তানের ক্রিকেট নিয়ে বড় মন্তব্য, বাংলাদেশের কাছে হারের পর কী বললেন সাবেক তারকা?

বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে মুখ খুললেন সাবেক ব্যাটার আহমেদ শেহজাদ। তার মতে, পাকিস্তানের ক্রিকেট এখন উদ্বেগজনক অবস্থায় নেমে গেছে।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১ রানে হারের পর পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও প্রধান কোচ মাইক হেসনের সমালোচনা করে বসেন এই সাবেক ক্রিকেটার। তাঁর অভিযোগ, দলের জটিল সমস্যাগুলোর সমাধান না করে শুধু অজুহাত দেখিয়েই সময় কাটাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে যে লজ্জাজনক অবস্থা হয়েছিল, তার পরেও কোনো পরিবর্তন হয়নি। বরং নতুন নতুন তরুণদের দলে নিয়ে আসা হলো। তারপর সিরিজ হেরে বলছেন, তরুণ খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজানো হয়েছে। আপনি যখন নিজের ভুল স্বীকার করবেন না, তখন উন্নতিও সম্ভব নয়।’

এই সিরিজে পাকিস্তান দলে ছিলেন না সিনিয়র ব্যাটার বাবর আজম ও ফখর জামান। অধিনায়ক শাহীন ও কোচ হেসন জানান, তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু প্রধান নির্বাচক আকিব জাভেদের দাবি, বিশ্বকাপের সময় ইনজুরিতে পড়েছিলেন এই দুই ক্রিকেটার।

শেহজাদ পাকিস্তানের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্তে অবাক তিনি।

‘আপনি যখন টস জিতলেন, তাহলে আগে বোলিং কেন? পিচ ছিল দুর্দান্ত। উচিত ছিল আগে ব্যাট করে বোর্ডে বড় রান তোলা, তারপর আলোর নিচে বোলিং করা। সিনিয়র খেলোয়াড়রা যখন এমন সিদ্ধান্ত নেন, তখন তরুণদের কাছ থেকে আর কী আশা করবেন?’

প্রসঙ্গত, সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে মাত্র একটি ম্যাচ জিতে বিদায় নেয় পাকিস্তান। এরপর বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজেও হারল তারা।

শেহজাদ বলেন, ‘পাকিস্তান ধীরে ধীরে সহযোগী দেশে পরিণত হচ্ছে। মানুষ এখন পাকিস্তানকে জিম্বাবুয়ের মতো ভাবতে শুরু করেছে। আর আপনারা বলছেন, রান রেটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গেছি। লজ্জা করা উচিত।’