ঢাকা, সোমবার, মার্চ ১৬, ২০২৬ | ২ চৈত্র ১৪৩২
Logo
logo

বাবা-ছেলে মিলে ৫৯০ রান! ক্রিকেট ইতিহাসে যা হয়নি, তা করে দেখালেন ড্যারেন-স্যাম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ মার্চ, ২০২৬, ০৭:০৩ পিএম

বাবা-ছেলে মিলে ৫৯০ রান! ক্রিকেট ইতিহাসে যা হয়নি, তা করে দেখালেন ড্যারেন-স্যাম

ক্রিকেট মাঠে কতই না কীর্তি গড়া হয়! কিন্তু অ্যাডিলেডের করোমণ্ডল ক্রিকেট ক্লাবের হয়ে ড্যারেন চিক এবং তাঁর ছেলে স্যাম চিক যা করে দেখালেন, তাতে হার মানায় রূপকথাকেও। অপেশাদার ক্রিকেটের এক ম্যাচে বাবা-ছেলে মিলে ব্যাটিং করলেন পুরো ৪০ ওভার। আর ওপেনিং জুটিতেই দুজনে মিলে তুলে ফেললেন ৫৯০ রান!

এদিন ব্যাট হাতে নিজের সামর্থ্যের আসল প্রমাণ রাখেন স্যাম চিক। মাত্র ১৩৭ বলে তিনি খেলেন ৪০২ রানের অপ্রতিরোধ্য ইনিংস। তাঁর এই মহাকাব্যিক ইনিংস সাজানো ছিল ৪২টি ছক্কা এবং ৩০টি চারে। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে তাঁর ক্যাচ মিস করে বসেন প্রতিপক্ষের এক ফিল্ডার। আর এটাই যেন ছিল বোলারদের ওপর তাণ্ডবের সূত্রপাত। এরপর থেকে প্রতিপক্ষ বোলারদের রীতিমতো তুলোধোনা করেন স্যাম।

ছেলের তাণ্ডবের দিনে ৬৩ বছর বয়সী বাবা ড্যারেন চিকও পিছিয়ে ছিলেন না। তিনি ১০৮ বলে অপরাজিত থাকেন ১৭৫ রানে। স্ট্রাইক রোটেট করে ছেলেকে বড় শট খেলার সুযোগ করে দেওয়াই ছিল তাঁর প্রধান লক্ষ্য। ম্যাচ শেষে ড্যারেন বলেন, 'স্যাম যখন মারা শুরু করল, তখন মাঠের সীমানা ছোট না বড় সেটা আর বিষয় ছিল না। ওর বেশিরভাগ ছক্কাই ছিল বিশাল।'

এত রান হজম করেও অসাধারণ খেলোয়াড়সুলভ মনোভাব দেখিয়েছে বিপক্ষ দল। ম্যাচ শেষে তারা ড্যারেন ও স্যামকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে 'গার্ড অফ অনার' দিয়ে সম্মান জানায়। সত্যিকার অর্থেই ক্রিকেটের মাঠে এই দৃশ্য সবার জন্য আবেগের।

৩০ বছর আগে ১৯৯৬ সালে এই একই প্রতিপক্ষ মরফেটভিল পার্কের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ড্যারেন। তখন ছোট্ট স্যাম সাইডলাইন থেকে বাবার চার-ছক্কায় হাততালি দিতেন। আর আজ সেই ছেলের সঙ্গে ব্যাট হাতে নেমে রেকর্ড গড়লেন তিনি। সত্যিই, ক্রিকেট শুধু খেলা নয়, এ যেন এক আবেগের বন্ধন।