এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬, ০৬:০৩ পিএম

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে আগুন ধরালো ইরান। ইসরায়েলের উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং সাইবার প্রযুক্তি স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। মঙ্গলবার ভোরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, "ইহুদিবাদী শাসকগোষ্ঠীর সাইবার-প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবন" লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরানের সেনাবাহিনীর বরাতে জানা গেছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে নির্ভুল ড্রোন হামলা চালানো হয়।
ইরানের সেনাবাহিনীর দাবি, ইসরায়েলের ওই সাইবার-প্রযুক্তি কেন্দ্রটি ইসরায়েলি বাহিনীকে আধুনিক গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে আসছিল। শুধু তাই নয়, ইরানের জনবহুল এলাকায় সন্ত্রাসী হামলা চালানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক প্রযুক্তি ও সরঞ্জামও তৈরি করছিল তারা।
হামলার লক্ষ্যবস্তু হওয়া রাফায়েল অস্ত্র নির্মাণ ভবনটি ইসরায়েলের অন্যতম সংবেদনশীল স্থাপনা। এখানে গণবিধ্বংসী প্রযুক্তি এবং ইসরায়েলি সেনাবাহিনীর জন্য আয়রন ডোমের মতো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়। এছাড়া ইসরায়েলের ড্রোন কেন্দ্রগুলোকেও এই কারখানা থেকে প্রযুক্তি সরবরাহ করা হতো।
এই হামলার মাধ্যমে গত ২৮ ফেব্রুয়ারির ঘটনার জবাব দিল ইরান। ওই দিন ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার ঘটনা ঘটে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়ে আসছিল তেহরান।
এই হামলার পর ইসরায়েল-ইরান উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পুরো মধ্যপ্রাচ্য এখন নতুন এক সংঘাতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।