এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিহাসের সবচেয়ে বড় সংকট তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।
সংস্থাটির নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল সোমবার এক বিবৃতিতে জানান, ইরানকে কেন্দ্র করে চলা সংঘাতের কারণে তেল ও গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা বিশ্ব অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
আইইএ’র তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত ৮০টিরও বেশি তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে পড়েছে।
বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়ে যায়। ফলে এই রুটে অচলাবস্থা তৈরি হওয়ায় সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় আইইএ সদস্য দেশগুলোকে দ্রুত জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। কিছু দেশ ইতোমধ্যেই জরুরি পদক্ষেপ নিতে শুরু করেছে বলে জানান ফাতিহ বিরোল।
তিনি আরও বলেন, কৌশলগত তেলের মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) থেকে সাময়িকভাবে সরবরাহ বাড়ানো সম্ভব হলেও এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং অল্প সময়ের জন্য স্বস্তি দিতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে, যার ফলে বৈশ্বিক বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে।
অন্যদিকে ইরানও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হলে পুরো উপসাগরীয় অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।