ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬ | ১ বৈশাখ ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে চীনের একটি ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে চীনের একটি ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে

যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী জাহাজগুলোর ওপর অবরোধ কার্যকর করেছে। সোমবার ১৩ এপ্রিল থেকে মার্কিন নৌবাহিনী এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন শুরু করে। তবে এই অবরোধের মধ্যেও তা উপেক্ষা করে একটি চীনা ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি পার হয়ে গেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, জাহাজটির নাম ‘রিচ স্টারি’। এটি হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর হওয়ার পর প্রথম ট্যাংকার, যা উপসাগরীয় অঞ্চল থেকে সফলভাবে বের হয়ে গেছে।

জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’ এবং ‘কেপলার’ জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল মিথানল নিয়ে যাত্রা করছিল।

মাঝারি আকারের এই ট্যাংকারটি চীনের সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন বলে জানা গেছে।

এদিকে অবরোধ ও উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পর সোমবার তেলের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বেড়ে যায়।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা এবং ইরানের পাল্টা হুঁশিয়ারিই মূলত এই দাম বৃদ্ধির কারণ। কারণ বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৪.১৬ ডলার বেড়ে দাঁড়িয়েছে ৯৯.৩৬ ডলারে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ২.৫১ ডলার বেড়ে পৌঁছেছে ৯৯.০৮ ডলারে।