ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

ভারতের ছত্তিশগড়ের বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন নিহত, আহত ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

ভারতের ছত্তিশগড়ের বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১১ জন নিহত, আহত ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ের সিক সাক্তি জেলায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। একটি তাপ বিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণে ১১ জন কর্মচারী নিহত হয়েছেন এবং আরও ২২ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এই ভয়াবহ ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্তি জেলার সিংঘিতারাই এলাকায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনা করে বেদান্ত শিল্পগোষ্ঠী। ১,২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই প্ল্যান্টে ২০২৫ সাল থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

ঘটনার পরপরই সাক্তি জেলা প্রশাসন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

জেলার পুলিশ সুপার প্রফুল্ল ঠাকুর মঙ্গলবার রাতে জানান, “ঘটনাস্থলেই চারজন কর্মচারী মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়। আহত ২২ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

এদিকে বেদান্ত শিল্পগোষ্ঠী জানিয়েছে, তাদের কোম্পানি সরাসরি বিদ্যুৎকেন্দ্রের বয়লার ইউনিট পরিচালনা করে না। এনটিপিসি জিই পাওয়ার সার্ভিসেস লিমিটেড (এনজিএসএল) নামের একটি প্রতিষ্ঠান এই ইউনিটের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল।

তবে বেদান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। এক বিবৃতিতে তারা বলেছে, “এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার হলো নিহতদের পরিবারকে সহায়তা করা এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা।”

এদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই ঘটনাকে “অত্যন্ত মর্মান্তিক” বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। পাশাপাশি বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।