এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আস্থার সংকট এক রাতেই সমাধান হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে তিনি একই সঙ্গে বলেছেন, ইরান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসতে আগ্রহ দেখাচ্ছে— সেটি অত্যন্ত ইতিবাচক একটি অগ্রগতি।
গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে ‘টার্নিং পয়েন্ট ইউএসএ’ নামের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভ্যান্স এই মন্তব্য করেন। তিনি বলেন, “ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অবশ্যই ব্যাপক মাত্রার আস্থার সংকট রয়েছে। এক রাতে এই সংকটের সমাধান হবে না। তবে তারা যে আমাদের সঙ্গে একটি চুক্তিতে আসতে চাইছে— এটা ইতিবাচক। এ ইস্যুতে আমরা এখন যে অবস্থানে আছি, তাতে আমি খুবই খুশি।”
ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা দীর্ঘদিন ধরেই চলছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সামরিক সংঘর্ষের পর।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘর্ষ শেষে ৭ ফেব্রুয়ারি থেকে দুই পক্ষ ১৪ দিনের যুদ্ধবিরতিতে যায়।
এই যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানের পথে নিতে গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বসেছিল যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠক। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন জে ডি ভ্যান্স এবং ইরানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
বৈঠকের মূল লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানো। তবে প্রায় ২২ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই শেষ হয় ইসলামাবাদ বৈঠক।
তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই ইসলামাবাদে দ্বিতীয় দফা আলোচনায় বসতে পারে দুই দেশের প্রতিনিধিরা।