এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

পারস্য উপসাগরে নজরদারির সময় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি অত্যাধুনিক ও অত্যন্ত ব্যয়বহুল এমকিউ-৪সি ট্রাইটন হাই অল্টিচ্যুড সার্ভেইলেন্স ড্রোন। যুক্তরাষ্ট্রের নাভাল সেফটি কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি ঘটে গত ৯ এপ্রিল।
এমকিউ-৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং দামি নজরদারি ড্রোন। “ডানাযুক্ত স্যাটেলাইট” নামে পরিচিত এই ড্রোনটি ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে আকাশপথে নজরদারি চালাতে সক্ষম। এটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি নর্থরপ গ্রুম্যান, এবং এর মূল্য প্রায় ২৩ কোটি ৮১ লাখ ডলার।
নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে এই ঘটনাকে “ক্লাস এ মিসহ্যাপ” হিসেবে উল্লেখ করা হয়েছে। বিধ্বস্ত ড্রোনটি ছিল ইতালির সিসিলি দ্বীপের সিগোনেল্লা নাভাল এয়ার স্টেশনে থাকা মার্কিন ঘাঁটির সম্পদ।
ঘটনার দিন হরমুজ প্রণালিতে তিন ঘণ্টার একটি রুটিন নজরদারি মিশনে ড্রোনটি পাঠানো হয়েছিল। মিশন শেষ করে ফেরার সময় হঠাৎ করেই এটি জরুরি বিপদ সংকেত পাঠাতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই ড্রোনটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম দ্য ওয়ার জোন জানিয়েছে, ড্রোনটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল। সেখান থেকে হঠাৎ করেই এটি ১০ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়, এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নাভাল সেফটি কমান্ডের বিবৃতিতে বলা হয়নি যে ড্রোনটি কোনো শত্রু হামলায় ধ্বংস হয়েছে কি না।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মাত্র দুই দিন পর, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।