এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ধরে রাখার দারুণ দৌড়ে এগিয়ে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই। বর্তমান চ্যাম্পিয়নরা আবারও পৌঁছে গেছে ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতার সেমিফাইনালে। গতকাল মঙ্গলবার ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে তারা এই জায়গা নিশ্চিত করে।
অ্যানফিল্ডে ২-০ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে শেষ চারে জায়গা করে নেয় পিএসজি। ইউরোপের সর্বোচ্চ শিরোপাজয়ী ক্লাব রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছে ফরাসি এই ক্লাব।
কোচ লুইস এনরিকে বলেন,
“চ্যাম্পিয়ন্স লিগ ধরে রাখা কঠিন, আমরা সেটা জানি। আবারও আমরা এখানে আছি এবং এই সুযোগগুলো কাজে লাগাতে হবে।”
ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে দ্বিতীয়ার্ধে দুই গোল করে লিভারপুলের সব আশা শেষ করে দেন। তার দারুণ পারফরম্যান্সেই থেমে যায় ইংলিশ জায়ান্টদের অগ্রযাত্রা। এখন সেমিফাইনালে পিএসজির প্রতিপক্ষ হতে পারে বায়ার্ন মিউনিখ বা রিয়াল মাদ্রিদ।
নকআউট পর্বে টানা ৯ ম্যাচ অপরাজিত আছে পিএসজি। পাশাপাশি তারা ইতিহাস গড়ে প্রথম ফরাসি ক্লাব হিসেবে টানা তিন মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে।
চ্যাম্পিয়ন্স লিগে টানা শিরোপা জয় সবসময়ই বিরল অর্জন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদ টানা তিনবার শিরোপা জিতেছিল। তবে ১৯৯২ সালে ইউরোপিয়ান কাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ নামকরণ হওয়ার পর আর কোনো দল টানা দুইবার ট্রফি জিততে পারেনি। এবার সেই ইতিহাস বদলানোর খুব কাছাকাছি পিএসজি।
গত মৌসুমে প্রথমবার ইউরোপ সেরা হওয়ার পর এবার তারা সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চায়। বার্সেলোনার সাবেক চ্যাম্পিয়ন্স লিগজয়ী কোচ এনরিকে বলেন,
“এটা সত্যিই আনন্দের যে আমার দল এই পর্যায়ে এসেছে এবং কোন দলের বিপক্ষে খেলছে সেটা না ভেবেই এমন পারফরম্যান্স করছে। আমাদের আত্মবিশ্বাস আছে, বিশ্বাস আছে। এই দলের সঙ্গে এমন অভিজ্ঞতা দারুণ।”
ম্যাচের ৭২তম মিনিটে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের শটে গোল করেন দেম্বেলে। সেই গোলেই ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় লিভারপুল। এরপর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করে জয় আরও নিশ্চিত করেন তিনি।
দেম্বেলে ম্যাচ শেষে বলেন,
“আমরা খুব খুশি এই ম্যাচ জিততে পেরে। এটা কঠিন ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। কিন্তু আমরা জেতার পথ খুঁজে পেয়েছি। আমরা সেমিফাইনালে, এবং আমরা আনন্দিত।”