এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

সব কিছু উজাড় করে খেলেও শেষ রক্ষা হলো না বার্সেলোনার। গতবার সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেওয়ার পর এবার আরও আগেই, কোয়ার্টার ফাইনালেই থেমে গেল তাদের ইউরোপীয় স্বপ্ন। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে দ্বিতীয় লেগে ২-১ গোলের জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা বিদায় নেয় টুর্নামেন্ট থেকে। আর ২০১৭ সালের পর প্রথমবার সেমিফাইনালে উঠল অ্যাতলেটিকো।
ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই হতাশ পুরো বার্সা শিবির। বিশেষ করে একটি গোল ভিএআর-এ বাতিল হওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ও হতাশা আরও বেড়ে যায়।
“আমরা হতাশ। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম, বিশেষ করে প্রথমার্ধে। আমাদের তৃতীয় গোল করার সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা সেই গোলটাই হজম করেছি।”
দ্বিতীয়ার্ধে গাভির একটি শট ডিফেন্ডারের গায়ে লেগে ভেসে ফেরান তোরেসের কাছে যায়। তিনি দারুণ ভলিতে বল জালে পাঠান। তবে ভিএআর দেখে সেই গোল বাতিল করা হয়, কারণ তিনি অফসাইডে ছিলেন।
এই সিদ্ধান্তই কি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে—এমন প্রশ্নে ফ্লিক বলেন,
“আমরা একজন কম খেলোয়াড় নিয়েও দারুণ ম্যাচ খেলেছি। আমি সত্যিই দলের জন্য কৃতজ্ঞ। আমরা খুব একটা ভাগ্যবান ছিলাম না। পরিস্থিতি এমনই ছিল, আমাদের মেনে নিতে হবে।”
তিনি আরও যোগ করেন,
“ফুটবল এমনই। আমাদের আরও ভালো করতে হবে, কিন্তু মানসিকতা ও লড়াইয়ের দিক থেকে দল সবকিছু দিয়েছে। তারা দুর্দান্ত খেলেছে, কিন্তু আমরা সফল হতে পারিনি।”
বার্সা কি সেমিফাইনালে ওঠার যোগ্য ছিল—এমন প্রশ্নে জার্মান কোচের স্পষ্ট উত্তর,
“আমার মনে হয়, আমাদের সেমিফাইনালে থাকা উচিত ছিল। কিন্তু ফলাফলটা মেনে নিতে হবে। আমরা ভালো খেলেছি এবং আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।”
এখন বার্সেলোনার সামনে নতুন লক্ষ্য লিগ শিরোপা জয়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের হতাশা লুকাল না ফ্লিকের কণ্ঠে। তিনি বলেন,
“পরবর্তী লক্ষ্য লিগ জেতা। আমরা সেই পথেই আছি। এখনো কিছু শেষ হয়নি। আমাদের একসাথে খেলতে হবে, সঠিক মানসিকতা রাখতে হবে। সবাই হতাশ, সমর্থকরাও। কারণ চ্যাম্পিয়ন্স লিগ জেতা একটা স্বপ্ন ছিল। আমরা তরুণ দল, উন্নতির সুযোগ আছে, আর আমরা আগামী মৌসুমে আরও ভালো করব।”
রেফারিং নিয়ে প্রশ্নে ফ্লিক বলেন,
“আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। কারণ আমরা এটা বদলাতে পারব না। আমাদের মেনে নিতে হবে।”
অন্যদিকে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংও হতাশা লুকাননি। তিনি বলেন,
“আমরা খুব ভালো খেলেছি, সর্বস্ব দিয়েছি। মনে হচ্ছে ভাগ্য আমাদের পক্ষে ছিল না। তবে আমরা উন্নতি করছি, আমাদের তরুণ ও প্রতিভাবান দল আছে। আমরা এভাবেই এগিয়ে যাব।”