ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

গোলের পর মাঠ ছাড়তেই ‘মোটা’ মন্তব্যে ক্ষুব্ধ নেইমার, ভক্তের সঙ্গে তর্কে জড়ালেন ব্রাজিল তারকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

গোলের পর মাঠ ছাড়তেই ‘মোটা’ মন্তব্যে ক্ষুব্ধ নেইমার, ভক্তের সঙ্গে তর্কে জড়ালেন ব্রাজিল তারকা

কোপা সুদামেরিকানা গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গলবার দেপোর্তিভো রিকোলেতার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সান্তোস। দলের একমাত্র গোলটি করেন নেইমার জুনিয়র। কিন্তু ম্যাচ শেষে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা—তীব্র দুয়োধ্বনির মধ্যে মাঠ ছাড়ার সময় এক ভক্তের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি।

ইনজুরি কাটিয়ে ফেরার পর এটি ছিল নেইমারের প্রথম গোল। কনমেবল ক্লাব প্রতিযোগিতায় ১৪ বছর পর এটি তার প্রথম গোল। সর্বশেষ তিনি ২০১২ সালের ২০ জুন কোপা লিবার্তাদোরেস সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোল করেছিলেন। তবে এবার তার গোলেও দলকে জেতানো যায়নি। প্রথমবার আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে নামা প্যারাগুয়ের দল সমতা ফেরায়। ফলে ‘ই’ গ্রুপে সবার নিচে অবস্থান করছে সান্তোস।

ম্যাচ শেষে ইএসপিএন ব্রাজিলকে দেওয়া সাক্ষাৎকারের আগে নেইমার দর্শকদের বিদ্রূপের জবাবে ‘চুপ’ করার ইঙ্গিত দেন। এরপর তিনি দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেন।

তিনি বলেন,
“আমরা অনেক ভুল করেছি। সবাই ভুল করে, এটা স্বাভাবিক। আমরা অনেক সুযোগ তৈরি করেছি। আমরা খারাপ খেলিনি। ভক্তরা চায় আমরা আরও ভালো খেলি—এটা বুঝতে পারি। কিন্তু আমরা চেষ্টা করছি, সুযোগও তৈরি করছি। ফুটবল এমনই, কখনও কখনও বল ভেতরে যায় না।”

সাইডলাইনে কথা শেষ করে টানেলের দিকে যাচ্ছিলেন নেইমার। ঠিক তখনই এক ভক্ত তাকে উদ্দেশ্য করে ‘মোটা’ বলে মন্তব্য করেন। ভক্তটি হাসতে হাসতে বলেন, “তোমার আরও বেশি ট্রেনিং করা উচিত, তুমি মোটা হয়ে যাচ্ছ।”

এতে প্রথমে চলে যাচ্ছিলেন নেইমার, কিন্তু পরে ফিরে এসে জবাব দেন। তিনি বলেন,
“তুমি ঠিক বলছ… এখন খুশি? আমি আমার সর্বস্ব দিচ্ছি। এখন তোমার সময়, তুমি খ্যাতি পাচ্ছ।”

নেইমার বর্তমানে লক্ষ্য রাখছেন চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার। ইনজুরির কারণে তিনি ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলে মাঠে নামেননি। পরে ২২ ডিসেম্বর তার বাঁ হাঁটুতে ছোট অস্ত্রোপচার হয় এবং সম্প্রতি দ্রুত সুস্থ হওয়ার জন্য আরেকটি ছোট অস্ত্রোপচারও করানো হয়েছে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে আসন্ন স্কোয়াডে রাখবেন—এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।