এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে আছেন তরুণ পেসার নাহিদ রানা। চলমান পাকিস্তান সুপার লিগে তার পারফরম্যান্স নিয়েও চলছে ব্যাপক আলোচনা। সিরিজ খেলতে দেশে ফিরে আসার পর এবার তাকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন দুই কোচ—বাংলাদেশের ফিল সিমন্স এবং নিউজিল্যান্ডের রব ওয়াল্টার।
মিরপুরে বুধবার সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার নাহিদ রানাকে নিয়ে বলেন,
“সে দারুণ ফাস্ট বোলার। এই কন্ডিশন তাকে সাহায্য করবে। বাংলাদেশের হয়ে এমন ফাস্ট বোলার দেখা সত্যিই ভালো ব্যাপার।”
তিনি আরও যোগ করেন,
“আমরা তার মানকে খাটো করে দেখছি না। বাংলাদেশের দলে ভালো কিছু পেসার আছে। ফাস্ট বোলারদের মোকাবিলা আমাদের জন্য নতুন কিছু নয়, আমরা নিয়মিতই খেলি। আমাদের দলেও পেসার আছে। তবে ম্যাচের মধ্যে সঠিকভাবে সামলাতে হবে। সে ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার গতিতে বল করে, কন্ডিশন কিছুটা আলাদা হতে পারে, কিন্তু নিজের স্কিল ব্যবহার করেই তাকে মোকাবিলা করতে হবে।”
অন্যদিকে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স নাহিদ রানাকে নিয়ে আরও বড় মন্তব্য করেছেন। তার চোখে নাহিদ দলের গুরুত্বপূর্ণ অস্ত্র।
সিমন্স বলেন,
“নাহিদ রানা আমাদের ট্রাম্প কার্ড। আমাদের তাকে সুরক্ষা দিতে হবে। নিশ্চিত করতে হবে যেন আমরা তাকে সবসময় পাচ্ছি। তার যত্ন নিতে হবে, খেয়াল রাখতে হবে, যাতে সে পুরো শক্তি দিয়ে বাংলাদেশের জন্য খেলতে পারে।”
নিউজিল্যান্ড সিরিজ নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে সিমন্স বলেন,
“আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। তারা যেসব জায়গায় আমাদের পরীক্ষা নিতে পারে, সেগুলোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তান সিরিজের আগে আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ খেলতে চাই।”