ঢাকা, বুধবার, এপ্রিল ১৫, ২০২৬ | ২ বৈশাখ ১৪৩৩
Logo
logo

শাহরুখ খানের সঙ্গে ভুল বোঝাবুঝি, ‘ওম শান্তি ওম’ হাতছাড়া হয়ে আক্ষেপে রাজপাল যাদব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

শাহরুখ খানের সঙ্গে ভুল বোঝাবুঝি, ‘ওম শান্তি ওম’ হাতছাড়া হয়ে আক্ষেপে রাজপাল যাদব

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব এখন কঠিন সময় পার করছেন। প্রায় ৯ কোটি টাকার ঋণের বোঝা কাঁধে নিয়ে জীবনের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এই দুর্দিনেও থেমে নেই অভিনেতা, কাজ চালিয়ে যাচ্ছেন নিয়মিতই। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের পুরোনো এক আক্ষেপের কথা তুলে ধরলেন তিনি, যেখানে উঠে এসেছে শাহরুখ খানের সঙ্গে এক ভুল বোঝাবুঝির গল্প।

রাজপাল জানান, শাহরুখ খান অভিনীত সুপারহিট সিনেমা “ওম শান্তি ওম”-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তার অভিনয় করার কথা ছিল। কিন্তু অজান্তেই ঘটে যাওয়া এক বিভ্রান্তির কারণে সেই বড় সুযোগটি হাতছাড়া হয়ে যায়।

তার দাবি, এই ভুল বোঝাবুঝির পেছনে ছিলেন তার এক ঘনিষ্ঠ সহকারী। ওই সহকারীর কারণে শাহরুখ খানের টিমের কাছে ভুল তথ্য পৌঁছে যায়, যা রাজপাল তখন জানতে পারেননি। এই এক ঘটনাই তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় বদলে দেয়।

শুধু “ওম শান্তি ওম” নয়, এরপর আরও একটি বড় প্রজেক্ট থেকেও বাদ পড়েন তিনি। সেই সিনেমা ছিল “বিল্লু বারবার”, যেখানে একটি বিশেষ চরিত্রে শুরুতে তাকে নিয়েই পরিকল্পনা ছিল। পরে সেই চরিত্রে অভিনয় করেন প্রয়াত অভিনেতা ইরফান খান।

রাজপাল বলেন,
“জুহি চাওলার ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে সরাসরি দেখা করার জন্য। শাহরুখ আমাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতেন। ‘কাল হো না হো’ ছবিতে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। তখনই তিনি বলেছিলেন, বড় কোনো প্রজেক্টে আবার একসঙ্গে কাজ করা উচিত।”

তবে সেই ভুল বোঝাবুঝির কারণে আর একসঙ্গে কাজ করা হয়নি এই দুই তারকার। যদিও পেশাগতভাবে সুযোগ হারালেও তাদের ব্যক্তিগত সম্পর্ক কখনোই নষ্ট হয়নি।

রাজপাল আরও বলেন,
“আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনো সমস্যা হয়নি। পরে যখনই শাহরুখের সঙ্গে দেখা হয়েছে, আমরা ভালোভাবে কথা বলেছি, আড্ডা দিয়েছি। আমাদের বন্ধুত্ব আগের মতোই আছে।”