এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

ইসরায়েলি শাসনের অধীনে থাকা একটি গুরুত্বপূর্ণ ‘হলোকাস্ট স্মারক জাদুঘরের’ সিস্টেমে অনুপ্রবেশের দাবি করেছে একটি হ্যাকিং গ্রুপ। তাদের দাবি, তারা জাদুঘরের সব দর্শনার্থীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে—এমনকি সেখানে ভুয়া পরিচয়ে আসা গোয়েন্দা সংস্থা মোসাদের আন্ডারকভার এজেন্টদের তথ্যও তাদের হাতে রয়েছে।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে ‘হানদালা’ নামের একটি প্রো-রেজিস্ট্যান্স হ্যাকটিভিস্ট গ্রুপ জানায়, তাদের কাছে এখন জাদুঘরে আগত দর্শনার্থী, অর্থদাতা, গোপন প্রতিনিধিদল এবং মোসাদের সদস্যদের ব্যক্তিগত তথ্য রয়েছে।
এই জাদুঘরটি অবস্থিত অধিকৃত আল-কুদস (জেরুজালেম) শহরে। এটি ইয়াদ ভাশেম নামে পরিচিত, যাকে ইসরায়েল বিশ্বের অন্যতম বৃহৎ ‘হলোকাস্ট স্মারক প্রতিষ্ঠান’ হিসেবে বিবেচনা করে।
হানদালা গ্রুপের দাবি, এই সাইবার অভিযান আবারও ইসরায়েলি শাসনের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা প্রকাশ করে দিয়েছে।
তাদের ভাষ্য অনুযায়ী, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও তারা ইসরায়েলের উচ্চপর্যায়ের ব্যক্তিদের লক্ষ্য করে সাইবার হামলা চালিয়েছে এবং গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস করেছে।
গত ৯ এপ্রিল গ্রুপটি দাবি করে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ হারজি হালেভি-র ব্যক্তিগত ফোন হ্যাক করেছে। তাদের দাবি অনুযায়ী, সেখান থেকে হাজার হাজার ছবি, ভিডিও ও নথি সংগ্রহ করা হয়েছে।
প্রকাশিত তথ্যের মধ্যে ছিল তার ব্যক্তিগত অফিসের ছবি এবং জর্ডানে তার একটি গোপন সফরের ভিডিও।
এর আগেও, ২০ মার্চ হানদালা দাবি করেছিল যে তারা মোসাদ-এর একজন শীর্ষ কর্মকর্তার যোগাযোগ ব্যবস্থায় প্রবেশ করে ১ লাখেরও বেশি গোপন নথি ফাঁস করেছে।
একই সঙ্গে তারা জানায়, তারা দেবোরা ওপেনহাইমারের ই-মেইল অ্যাকাউন্টেও অনুপ্রবেশ করেছে। তিনি মোসাদের বৈদেশিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের সাবেক উপপ্রধান এবং বর্তমানে আন্তর্জাতিক বিষয়ক দায়িত্বে রয়েছেন।
গ্রুপটি ওপেনহাইমারকে ইসরায়েলি প্রচারণা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেছে, দীর্ঘ বছর ধরে তিনি বিশ্বজুড়ে জায়নবাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার কাজে যুক্ত ছিলেন।