ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় উত্তেজনার মধ্যে জেদ্দায় শাহবাজ শরিফ ও যুবরাজ সালমানের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় উত্তেজনার মধ্যে জেদ্দায় শাহবাজ শরিফ ও যুবরাজ সালমানের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বুধবার (১৫ এপ্রিল) তিনি জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, এই বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বিশেষভাবে গুরুত্ব পায় যুক্তরাষ্ট্র এবং ইরান–এর মধ্যে চলমান আলোচনাও।

বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন।

বিশেষ করে শাহবাজ শরিফ এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টারও স্বীকৃতি দেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই সফর বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ একই সময়ে পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইরানেও অবস্থান করছে। যদিও এই বৈঠকের বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

মূলত ইরান এবং যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের পাশাপাশি গাজা পরিস্থিতি নিয়েও পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা নেওয়ার চেষ্টা করছে।

এই কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সৌদি সফরকে দেখা হচ্ছে। সফর শেষে তার কাতার ও তুরস্কে যাওয়ারও কথা রয়েছে।