ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩
Logo
logo

নাসার ভয়ংকর সতর্কতা! পৃথিবীর খুব কাছে আসছে ‘গড অব ক্যাওস’ গ্রহাণু—কী ঘটবে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

নাসার ভয়ংকর সতর্কতা! পৃথিবীর খুব কাছে আসছে ‘গড অব ক্যাওস’ গ্রহাণু—কী ঘটবে?

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘গড অব ক্যাওস’ নামে পরিচিত এক বিশাল গ্রহাণু। আগামী তিন বছরের মধ্যে এটি পৃথিবীর খুব কাছ দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করবে। এই বিরল ঘটনাকে ঘিরে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আগ্রহ, কারণ এর মাধ্যমে কাছ থেকে এই মহাজাগতিক বস্তুকে পর্যবেক্ষণের সুযোগ মিলবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২০২৯ সালে ঘটবে কাছাকাছি অতিক্রম

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই গ্রহাণুটির নাম অ্যাপোফিস। প্রাচীন মিশরের ‘গড অব ক্যাওস’ দেবতার নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। এটি ২০২৯ সালের ১৩ এপ্রিল পৃথিবীর পাশ দিয়ে অতি দ্রুতগতিতে চলে যাবে।

নাসা জানিয়েছে, ওই সময় গ্রহাণুটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার মাইল দূর দিয়ে অতিক্রম করবে। এটি অনেক কৃত্রিম স্যাটেলাইটের কক্ষপথের থেকেও বেশি কাছাকাছি। তুলনার জন্য বলা যায়, সবচেয়ে উঁচু কক্ষপথে থাকা স্যাটেলাইটগুলো প্রায় ২২ হাজার মাইল দূরে থাকে।

তবে এত কাছে এলেও বিজ্ঞানীরা এটিকে ‘সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণু’ হিসেবে শ্রেণিবদ্ধ করলেও নাসা স্পষ্ট করেছে—২০২৯ সালের এই অতিক্রমণে পৃথিবীর জন্য কোনো ধরনের হুমকি নেই।

অন্তত ১০০ বছর কোনো ঝুঁকি নেই

দীর্ঘদিন পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী অন্তত ১০০ বছর এই গ্রহাণু পৃথিবীর জন্য কোনো ঝুঁকি তৈরি করবে না। নাসার মতে, পৃথিবী, মানুষ, মহাকাশচারী বা কক্ষপথে থাকা স্যাটেলাইট—কারও জন্যই এটি বিপদের কারণ হবে না।

বিজ্ঞানীদের জন্য ‘অসাধারণ সুযোগ’

বিজ্ঞানীরা এই ঘটনাকে একটি ‘অসাধারণ এবং নজিরবিহীন সুযোগ’ হিসেবে দেখছেন। তাদের মতে, এর মাধ্যমে শুধু অ্যাপোফিস নয়, পৃথিবীর কাছাকাছি থাকা অন্যান্য গ্রহাণু সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।

নাসা আরও জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে পূর্ব গোলার্ধের মানুষ খালি চোখেই এই গ্রহাণুর অতিক্রমণ দেখতে পারবেন—যা হবে এক বিরল মহাজাগতিক দৃশ্য।