ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

হোয়াইট হাউসে ইসরায়েল-লেবানন সংলাপ, ৪৪ বছরে প্রথম বৈঠকে শান্তি চুক্তির বড় আশা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

হোয়াইট হাউসে ইসরায়েল-লেবানন সংলাপ, ৪৪ বছরে প্রথম বৈঠকে শান্তি চুক্তির বড় আশা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ সংলাপ। আগামী সপ্তাহ কিংবা তার পরের সপ্তাহেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “এটা সত্যিই দারুণ একটি বিষয়। গত ৪৪ বছরে এই প্রথম ইসরায়েল ও লেবাননের মধ্যে বৈঠক হতে যাচ্ছে। আমার বিশ্বাস, এই বৈঠকেই আমরা একটি চুক্তি স্বাক্ষর দেখতে পারব। আগামী সপ্তাহ বা তার পরের সপ্তাহেই এটি অনুষ্ঠিত হবে।”

এর কয়েক ঘণ্টা আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিনি লিখেন, “আমি কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা শেষ করেছি। দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় নেতা আজ ইএসটি সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।”

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। সেই সংঘাত শুরুর দুই দিন পর, ২ মার্চ থেকে লেবাননে আলাদাভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফের হামলায় ২ এপ্রিল থেকে এখন পর্যন্ত লেবাননে প্রায় ২ হাজার ২০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ৬০০ জনেরও বেশি। এছাড়া নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে বাধ্য হয়েছেন কয়েক লাখ মানুষ।