ঢাকা, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩
Logo
logo

হরমুজ প্রণালি খুলতে ৪০ দেশের ভার্চুয়াল বৈঠক, আন্তর্জাতিক মিশনের পরিকল্পনায় যুক্তরাজ্য-ফ্রান্স


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

হরমুজ প্রণালি খুলতে ৪০ দেশের ভার্চুয়াল বৈঠক, আন্তর্জাতিক মিশনের পরিকল্পনায় যুক্তরাজ্য-ফ্রান্স

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালি আবার চালু করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। এই লক্ষ্যে আজ শুক্রবার একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় ৪০টি দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সিএনএনর প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় সচল করার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বনেতারা মিলে একটি আন্তর্জাতিক মিশন গঠনের বিষয়েও ভাবছেন, যার উদ্দেশ্য হবে প্রণালিটিকে আবার স্বাভাবিকভাবে চালু করা।

বৈঠকে অংশ নেওয়া দেশগুলোর নেতারা ইরানের যুদ্ধবিরতিকে সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকেই এই গুরুত্বপূর্ণ জলপথে অচলাবস্থা তৈরি হয়। এরপর থেকে ইরান কার্যত নিজেদের ছাড়া অন্য জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে রাখে।

যুদ্ধবিরতির পর এটি খুলে দেওয়ার আশা তৈরি হলেও পরিস্থিতি উল্টো দিকে যায়। এর মধ্যে যুক্তরাষ্ট্র গত সোমবার ইরানের বন্দরে প্রবেশ বা বের হওয়া জাহাজের ওপর নতুন করে অবরোধ আরোপ করে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে তারা ভালো অবস্থানে রয়েছে এবং শিগগিরই এই সংঘাত শেষ হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুদ্ধের অগ্রগতি সন্তোষজনক এবং এটি দ্রুত শেষের দিকে যাচ্ছে। এর আগে তিনি আরও দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে।