এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয়ভাবে দেখা যাওয়া পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন বলেও একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। সেই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে দলটির মনোনয়ন বোর্ডের সামনে হাজির হন চমক। রাজনীতিতে আসার কারণ জানাতে গিয়ে তিনি বলেন,
‘আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।’
সাক্ষাৎকার শেষে বের হয়ে নিজের আশাবাদের কথাও জানান এই আলোচিত মুখ। তিনি বলেন,
‘প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
দলীয় সূত্রে জানা গেছে, চমকের মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে নারাজ তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, দল যেকোনো সিদ্ধান্ত নিলে তা তিনি ইতিবাচকভাবেই গ্রহণ করবেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন যাত্রা নিয়ে একটি পোস্ট দিয়েছেন চমক। সেখানে তিনি লেখেন,
‘নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।’
গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সক্রিয় অবস্থানে দেখা গিয়েছিল তাকে। সেই আন্দোলনের প্রেক্ষাপট থেকেই এবার সরাসরি সংসদ সদস্য হওয়ার দৌড়ে নাম লিখিয়েছেন রুকাইয়া জাহান চমক। শেষ পর্যন্ত বিএনপি থেকে তিনি চূড়ান্ত সবুজ সংকেত পান কি না, সে দিকে এখন সবার নজর।