এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

লাইট, ক্যামেরা, অ্যাকশনের ব্যস্ততার মাঝেই হঠাৎ বড় ধরনের চাঞ্চল্য ছড়িয়ে পড়ল একটি সিনেমার শুটিং সেটে। কড়া নিরাপত্তার মধ্যেও ঘটে গেল চুরির ঘটনা। ভারতে চলমান একটি ছবির শুটিং চলাকালে সেট থেকে প্রায় ৫০ হাজার রুপি চুরির অভিযোগ উঠেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬ হাজার টাকারও বেশি। ঘটনায় পুরো ইউনিটে তৈরি হয় তীব্র উত্তেজনা।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সকাল থেকেই নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী রাশি খান্না। ক্যামেরা, আলো আর ব্যস্ত পরিবেশের মাঝেই ঘটে যায় এই অপ্রত্যাশিত ঘটনা। অভিযোগ অনুযায়ী, শিল্পীদের জন্য নির্ধারিত ভ্যানিটি ভ্যান এলাকা থেকেই টাকা চুরির চেষ্টা করা হয়।
সাধারণত শুটিং সেটে অভিনেতা-অভিনেত্রীদের বিশ্রাম, মেকআপ ও প্রস্তুতির জন্য ভ্যানিটি ভ্যান ব্যবহার করা হয়। রাশির নতুন ছবির সেটেও এমন ব্যবস্থাই ছিল। অভিযোগ উঠেছে, সেই ভ্যানিটি ভ্যানের দায়িত্বে থাকা কর্মীদের মধ্য থেকেই একজন এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে।
ভ্যানিটি ভ্যান থেকেই চুরি, হাতেনাতে ধরা সন্দেহভাজন
জানা গেছে, একটি ব্যাগ থেকে প্রায় ৫০ হাজার রুপি নিয়ে পালানোর সময় অভিযুক্ত ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন সেটে থাকা দুই সদস্য। পরে তাকে আটক করা হয়। ঘটনার পরপরই পুরো সেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে মারধর করে সেট থেকে বের করে দেন বলেও জানা গেছে।
কার টাকা ছিল, কী বলছে টিম?
প্রথমে ধারণা করা হয়েছিল চুরি হওয়া অর্থ অভিনেত্রী রাশি খান্নার। তবে পরে তার টিম পরিষ্কার করে জানায়, ওই টাকা রাশির নয়—বরং তার ম্যানেজারের ছিল।
ঘটনাটি সামনে আসার পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। সংশ্লিষ্টদের মতে, শুটিং সেটে এমন ঘটনা শুধু নিরাপত্তা নয়, পুরো পেশাদার পরিবেশকেই বিব্রত করে তুলছে।
এদিকে ঘটনার পর তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে সংশ্লিষ্ট মহলে।