এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ০৩:০৪ পিএম

হাজারো ভক্তের অপেক্ষা, দীর্ঘ প্রস্তুতি—সব মিলিয়ে জমজমাট এক আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে হতাশ হতে হলো জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের শ্রোতাদের। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আজ শনিবার (১৮ এপ্রিল) ব্যান্ডটির বহুল প্রতীক্ষিত কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। ভিড় সামলানোর শঙ্কার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন ব্যান্ডটির ভোকালিস্ট জুনায়েদ ইভান।
শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
‘১৮ এপ্রিল ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অ্যাশেজ কনসার্ট করছে না। আয়োজকরা জানিয়েছে, অ্যাশেজ এলে যে পরিমাণ মানুষ এখানে আসবে বলে তারা ধারণা করছে, কোনোভাবেই তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। কেননা উন্মুক্ত কনসার্ট।’
তিনি আরও জানান, ভেন্যুর জায়গা তুলনামূলকভাবে ছোট এবং প্রশাসনও নিরাপত্তার কারণে উদ্বেগ প্রকাশ করেছে।
তার ভাষায়,
‘জায়গাটাও ছোট। প্রশাসন থেকেও তাই জানানো হয়েছে রাস্তায় ট্রাফিক সিস্টেমেও সমস্যা হবে।’
সব মিলিয়ে শেষ পর্যন্ত আয়োজনটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
হঠাৎ কনসার্ট বাতিলের খবরে হতাশ ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তাও দেন এই গায়ক। তিনি লেখেন,
‘আমাদের আর দেখা হলো না রবীন্দ্র সরোবরে। নিশ্চয়ই দেখা হবে অন্য কোথাও। কোনো উত্তাল সমুদ্র রাতে!’
এই বার্তায় ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, চলতি মাসের শুরু থেকে ১৭ এপ্রিল পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১২টি কনসার্ট করেছে ব্যান্ড অ্যাশেজ।
এছাড়া আগামী জুন মাসে ইউরোপ সফরে যাওয়ার কথা রয়েছে তাদের। সেখানে ইতালির রোম ও ভেনিস এবং ফ্রান্সের প্যারিসে পারফর্ম করবে ব্যান্ডটি।