এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

টিকিটের আকাশছোঁয়া দাম তো আছেই, এবার ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে ভক্তদের পকেট আরও বড় ধাক্কা খেতে যাচ্ছে পরিবহন খরচে। নিউইয়র্ক সিটি থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতের ট্রেন ভাড়াই যেন নতুন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে সমর্থকদের জন্য। প্রতি ম্যাচে রাউন্ড ট্রিপে গুনতে হবে ১৫০ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৮ হাজার টাকা!
ম্যানহাটনের পেন স্টেশন থেকে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের স্টেডিয়াম পর্যন্ত দূরত্ব মাত্র ৯ মাইল, সময় লাগে সর্বোচ্চ ১৫ মিনিট। সাধারণ সময়ে এই পথে ট্রেন ভাড়া ১২.৯০ ডলার বা প্রায় ১,৬০০ টাকা। কিন্তু বিশ্বকাপ চলাকালে সেই ভাড়া বেড়ে দাঁড়াবে প্রায় ১২ গুণ। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন কর্মকর্তারা।
গণপরিবহনেই ভরসা, পার্কিং নেই বেশিরভাগ দর্শকের জন্য
স্টেডিয়ামের আশেপাশে পার্কিং সুবিধা সীমিত থাকায় অধিকাংশ দর্শককে গণপরিবহনেই যেতে হবে। নিউ জার্সি কর্মকর্তাদের ধারণা, প্রতিটি ম্যাচে প্রায় ৪০ হাজার দর্শক ট্রেন ও বাস ব্যবহার করবেন।
এনএফএল-এর নিউইয়র্ক জায়ান্টস ও নিউইয়র্ক জেটসের হোম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আটটি ম্যাচ, যার মধ্যে রয়েছে ১৯ জুলাইয়ের ফাইনালও। ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ডসহ বিশ্ব ফুটবলের বড় দলগুলোও এই ভেন্যুতে খেলবে।
কেন বাড়ল ভাড়া?
নিউ জার্সি কর্তৃপক্ষ বলছে, বিশ্বকাপ আয়োজনের বাড়তি খরচ সামলাতেই এই অতিরিক্ত চার্জ প্রয়োজন হয়েছে। এনজেড ট্রানজিট জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে স্টেডিয়াম–স্টেশন যাতায়াতে তাদের গণপরিবহন ব্যবস্থায় খরচ হবে প্রায় ৬ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে ১ কোটি ৪০ লাখ ডলার আসবে অনুদান থেকে।
বাকি খরচ মেটাতে ভাড়া বাড়ানো ছাড়া উপায় ছিল না বলে জানান এনজেড ট্রানজিটের প্রেসিডেন্ট ও সিইও ক্রিস কোলুরি। তার ভাষায়,
‘এটি অতিরিক্ত মূল্য আদায় নয়, আমরা শুধু আমাদের খরচ পূরণ করার চেষ্টা করছি।’
রাজনৈতিক আপত্তি ও ফিফার অবস্থান
তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন নিউ জার্সির ডেমোক্র্যাট গভর্নর মিকি শেরিল। তিনি বলেন, খরচ ফিফার দেওয়া উচিত, সাধারণ দর্শকদের ওপর চাপ দেওয়া ঠিক নয়।
অন্যদিকে ফিফা এই প্রস্তাব মানেনি। তারা যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর—লস অ্যাঞ্জেলস, ডালাস ও হিউস্টনে পরিবহন ভাড়া অপরিবর্তিত থাকার উদাহরণ দিয়েছে।
কোথাও কম, কোথাও আবার আকাশছোঁয়া ভাড়া
বোস্টনে আবার পরিস্থিতি আলাদা। সেখানে জিলেট স্টেডিয়ামে এক্সপ্রেস বাসের ভাড়া ৯৫ ডলার। অনেক ভক্ত আগে থেকেই ৮০ ডলারের রাউন্ড ট্রিপ টিকিট বুক করে রেখেছেন, যেখানে সাধারণ সময়ে খরচ হয় মাত্র ২০ ডলার। বিশ্বকাপের কারণে এখানে ভাড়া বেড়েছে চার গুণ।
অন্যদিকে কিছু শহরে ভাড়া এখনো কমই আছে—লস অ্যাঞ্জেলসে ১.৭৫ ডলার, আটলান্টায় ২.৫ ডলার, হিউস্টনে ১.২৫ ডলার এবং ফিলাডেলফিয়ায় ২.৯০ ডলার।
ভক্তদের ক্ষোভ: ‘এটা পুরোপুরি পাগলামি’
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এক্স-এ লিখেছেন, অল্প সময়ের ট্রেনে ১০০ ডলারের বেশি ভাড়া ‘অতিরিক্ত’ মনে হচ্ছে।
ফরাসি ভক্তদের সংগঠন ‘ইরেসিস্টিবলস ফ্রান্সাইস’ একে ‘সম্পূর্ণ পাগলামি’ বলে মন্তব্য করেছে। সংগঠনের মুখপাত্র বলেন,
‘প্রতিদিনই পরিবহন নিয়ে খারাপ খবর আসছে, এটা আর কতদিন চলবে?’
ইংল্যান্ড ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান থমাস কনক্যাননও ক্ষোভ প্রকাশ করে বলেন, ভক্তদের সঙ্গে এটা এক ধরনের ‘ঠকানোর’ মতো বিষয়।
আরও ব্যয়বহুল বিকল্পও আছে
মেটলাইফ স্টেডিয়ামে যাওয়ার শাটল বাসের খরচও কম নয়—প্রায় ৮০ ডলার। ১০ হাজার যাত্রী ধারণক্ষমতার বাসগুলো ম্যানহাটন বাস টার্মিনালসহ বিভিন্ন জায়গা থেকে চলবে।
এছাড়া আমেরিকান ড্রিম মলের কাছে পার্কিং স্পট আগাম বিক্রি হয়েছে ২২৫ ডলারে। স্টেডিয়ামের পার্কিং এলাকা বিশ্বকাপ চলাকালে ফ্যান ভিলেজ, শাটল বাস এবং ফিফা স্টাফদের ব্যবহারের জন্য সংরক্ষিত থাকবে।