ঢাকা, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩
Logo
logo

আইপিএলে ইতিহাসে লজ্জার রেকর্ড, টানা ৬ ম্যাচেও জয়ের মুখ দেখল না কলকাতা নাইট রাইডার্স


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৬, ০৪:০৪ পিএম

আইপিএলে ইতিহাসে লজ্জার রেকর্ড, টানা ৬ ম্যাচেও জয়ের মুখ দেখল না কলকাতা নাইট রাইডার্স

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দুঃসময় যেন থামছেই না। শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি এখন পর্যন্ত একটিও জয় পায়নি। সর্বশেষ শুক্রবার গুজরাট টাইটান্সের কাছে ৫ উইকেটে হারের পর নতুন এক হতাশার রেকর্ড গড়েছে কলকাতা।

এই হারের ফলে আইপিএলের ইতিহাসে পঞ্চম দল হিসেবে কোনো মৌসুমের প্রথম ৬টি ম্যাচেই জয়হীন থাকার তালিকায় নাম লিখিয়েছে কেকেআর।

এর আগে কারা ছিল এই ‘লজ্জার তালিকায়’?

আইপিএলে প্রথম এই অনাকাঙ্ক্ষিত নজির গড়েছিল ডেকান চার্জার্স (তৎকালীন নাম) ২০১২ সালে, যারা টানা প্রথম ৬ ম্যাচে জয় পায়নি।

এরপর ২০১৩ সালে একই অবস্থায় পড়ে দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান দিল্লি ক্যাপিটালস), তারাও মৌসুমের শুরুতে কোনো জয় পায়নি প্রথম ছয় ম্যাচে।

২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সও একই হতাশার অভিজ্ঞতার মুখোমুখি হয়।

এবার সেই তালিকায় পঞ্চম দল হিসেবে যুক্ত হলো তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

কেকেআরের হতাশার শুরু কোথায়?

ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলে রাহানেরা ১ পয়েন্ট পেলেও, বাকি পাঁচটি ম্যাচেই হারের স্বাদ নিতে হয়েছে কলকাতাকে।

ফলে টুর্নামেন্টের প্রথম ছয় ম্যাচে কোনো জয় ছাড়াই পয়েন্ট টেবিলের একেবারে নিচে, অর্থাৎ ১০ নম্বরে অবস্থান করছে শাহরুখ খানের দল।

দলটির এমন টানা ব্যর্থতা নিয়ে সমর্থকদের মধ্যে হতাশা বাড়ছে, আর প্রশ্ন উঠছে—এই মৌসুমে কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কেকেআর?