এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

যুদ্ধবিরতি বলতে যা বোঝায়, সেটা কার্যকর থাকার পরেও দক্ষিণ লেবাননে ফের হামলা চালাল ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ‘হলুদ রেখা’র দক্ষিণ পাশে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলায় এই অভিযান।
আল জাজিরার প্রতিবেদন বলছে, রোববার লেবাননের বেশ কয়েকটি গ্রামে কামান ও গোলাবর্ষণের পাশাপাশি মেশিনগান দিয়ে গুলি চালায় ইসরায়েল। একইসঙ্গে দেশটি দুটি বিমান হামলার কথাও নিশ্চিত করেছে।
ইসরায়েলের দাবি, প্রথম বিমান হামলায় হিজবুল্লাহর এক দল যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়, যারা ‘হলুদ রেখা’র দিকে এগোচ্ছিল। আর দ্বিতীয় হামলায় ওই রেখার দক্ষিণে একটি সুড়ঙ্গের মুখের কাছে থাকা এক ব্যক্তিকে আঘাত করা হয় এবং ওই সুড়ঙ্গের প্রবেশপথ পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়।
তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এসব পদক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন নয়। বরং তাঁরা আত্মরক্ষার অংশ হিসেবেই এই অভিযান চালিয়েছেন।
অন্য দিকে লেবাননের নাইম কাসেম এই চুক্তিকে ‘লেবাননের জন্য অপমানজনক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, কূটনৈতিক আলোচনা চললেও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
মাঠের পরিস্থিতি এখনো খুব অস্থির। দক্ষিণ লেবাননের বহু মানুষ নিজেদের গ্রামে ফিরতে চাইছেন, কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন টিকবে—তা নিয়ে জোর অনিশ্চয়তা। তাই এখনো অনেকেই আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছেন।