ঢাকা, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

সতর্কবার্তা হুতিদের! বাব আল-মানদাব বন্ধ করলে খুলতে পারবে না মানবজাতি আর জ্বিনও


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

সতর্কবার্তা হুতিদের! বাব আল-মানদাব বন্ধ করলে খুলতে পারবে না মানবজাতি আর জ্বিনও

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকেন, তাহলে বাব আল-মানদাব প্রণালি বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আরও কড়া ভাষায় তারা বলে দিয়েছে, এই প্রণালি একবার বন্ধ করলে পুরো মানবজাতি আর জ্বিন মিলেও তা আর খুলতে পারবে না।

হুতি সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজ্জি রোববার সামাজিকমাধ্যম এক্সে এই হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, “আমরা যদি বাব আল-মানদাব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে পুরো মানবজাতি ও জ্বিনেরও এটি খোলার কোনো ক্ষমতা থাকবে না।” তিনি আরও বলেন, “ট্রাম্প ও তাঁর সহযোগীদের এখনই শান্তির পথে বাধা সৃষ্টিকারী কাজ বন্ধ করা উচিত। পাশাপাশি আমাদের জাতি ও জনগণের অধিকারের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।”

উল্লেখ্য, জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বাব আল-মানদাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। এই পথ দিয়েই জাহাজগুলো লোহিত সাগরে যায়, তারপর মিসরের সুয়েজ খাল পাড়ি দিয়ে অপর প্রান্তে পৌঁছায়।

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকা যুদ্ধ শুরুর পর সৌদি আরবও এই লোহিত সাগর ব্যবহার করে তাদের জ্বালানি রপ্তানি করছে। বাব আল-মানদাব দিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর অপরিশোধিত তেল ও জ্বালানি যায় ভূমধ্যসাগরে। এছাড়া রাশিয়া থেকে এশিয়ায় তেলও আসে এই পথেই।

এই প্রণালির সবচেয়ে সরু জায়গাটি মাত্র ২৯ কিলোমিটার চওড়া। সামান্য এক বাধায় থমকে যেতে পারে গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ।