ঢাকা, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

রাগান্বিত ইরানি প্রেসিডেন্ট, প্রশ্ন— ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে?


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

রাগান্বিত ইরানি প্রেসিডেন্ট, প্রশ্ন— ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার ট্রাম্প কে?

ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেছেন, ইরানকে তার পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার এখতিয়ার ট্রাম্পের কোথায়?

রোববার পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প বলেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু কেন পারবে না— সেই অপরাধের নাম তিনি বলেন না। তাহলে একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?” ইরানি প্রেসিডেন্টের দাবি, ইরানকে পারমাণবিক কার্যক্রম চালাতে না দেওয়ার কোনো সঠিক কারণ ট্রাম্পের কাছে নেই।

একইসঙ্গে তিনি জানান, ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা করছে। পেজেশকিয়ান স্পষ্ট করে বলেন, ইরান কখনো কোনো দেশে হামলা করেনি, করবেও না। বরং ইরান নিজেই হামলার শিকার হয়েছে। তাই আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের আত্মরক্ষা করাটা তাদের বৈধ অধিকার।

প্রসঙ্গত, আগামী শুক্রবারের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার আলোচনা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের দুটি সূত্র। রোববার নাম গোপন রাখার শর্তে তারা আল জাজিরাকে জানিয়েছে, বেশ কিছু ইঙ্গিত দেখেই তাঁরা আলোচনার সম্ভাবনার কথা বলছেন। যেমন— রাজধানী ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের দুটি ভারী সি-১৭ গ্লোবমাস্টার বিমান অবতরণ করেছে। এ ছাড়া বিমানবন্দর থেকে ইসলামাবাদের রেড জোন পর্যন্ত সড়কগুলো অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় ইঙ্গিত— ইসলামাবাদের সেরেনা ও ম্যারিয়ট হোটেলগুলো আগামী শুক্রবার পর্যন্ত খালি রাখা হচ্ছে, কোনো বুকিং নেওয়া হচ্ছে না। উল্লেখ্য, গত ১১ এপ্রিল সেরেনা হোটেলেই প্রথম দফার আলোচনা হয়েছিল, যদিও তাতে কোনো চুক্তি হয়নি।