ঢাকা, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

বিশ্বকাপে জার্মানির সামনে বড় আঘাত! সের্জ নাব্রির বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৬, ০৬:০৪ পিএম

বিশ্বকাপে জার্মানির সামনে বড় আঘাত! সের্জ নাব্রির বিশ্বকাপ খেলা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা।

বায়ার্ন মিউনিখের তারকা ফরোয়ার্ড সের্জ নাব্রি হয়তো এই মৌসুমেই আর মাঠে নামতে পারবেন না। শুধু তাই নয়, জার্মান জার্সিতে বিশ্বকাপ খেলাও প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর।

কী হয়েছে নাব্রির? ডান উরুর পেশিতে চোট—যাকে বলে অ্যাডাক্টর পেশি, সেটাই ছিঁড়ে গেছে। স্বাভাবিকভাবেই দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। শনিবার এই দুঃসংবাদ নিজেই জানিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। তবে বিস্তারিত কিছু বলেনি ক্লাবটি। চোটটা কতটা গুরুতর, আর ঠিক কখন মাঠে ফিরতে পারবেন নাব্রি—এ নিয়ে এখন কেবলই অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে, ট্রেবল জয়ের স্বপ্নে থাকা বায়ার্নের বাকি ম্যাচগুলোতেও তাঁকে দেখা যাবে না।

আজ রবিবার রাতে ঘরের মাঠে স্টুটগার্টের বিপক্ষে ম্যাচ। হার না করলেই চার ম্যাচ আগেই বুন্দেসলিগা শিরোপা জিতে নেবে বায়ার্ন। তার পর বুধবার জার্মান কাপের সেমিফাইনালে প্রতিপক্ষ বেয়ার লেভারকুসেন। আর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে সেমিফাইনাল। এই কঠিন লড়াইগুলোয় নাব্রিকে ছাড়াই সামলে নিতে হবে কোচকে।

অথচ গত সপ্তাহেই বুন্দেসলিগায় গোলের রেকর্ড ভাঙার উৎসবে মেতে ছিল বায়ার্ন। সেখানে নাব্রির অবদান দারুণ—৮টি গোল নিজে করেছেন, আর ৭টিতে সহায়তা করেছেন। জার্মানির হয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রতিটি ম্যাচে শুরু থেকে খেলেছেন তিনি। মার্চের দুটি প্রীতি ম্যাচেও ছিলেন অনবদ্য। জার্মান কোচ জুলিয়েন নাগেলসমান যে তাঁকে বিশ্বকাপ পরিকল্পনায় রেখেছিলেন, সেটা বোঝাতে নতুন করে কিছু বলার দরকার ছিল না। কিন্তু এই চোট যেন জার্মান শিবিরে হঠাৎ বড় ধাক্কা দিয়ে গেল।