ঢাকা, রবিবার, এপ্রিল ১৯, ২০২৬ | ৬ বৈশাখ ১৪৩৩
Logo
logo

প্রথম ওয়ানডেতে হঠাৎ সুযোগ, আর সেই মুহূর্তের নাটকীয় কাহিনি নিজেই শোনালেন শরিফুল ইসলাম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৬, ০৭:০৪ পিএম

প্রথম ওয়ানডেতে হঠাৎ সুযোগ, আর সেই মুহূর্তের নাটকীয় কাহিনি নিজেই শোনালেন শরিফুল ইসলাম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। সেই হারের গ্লানি পেরিয়েই এখন দ্বিতীয় ওয়ানডের প্রস্তুতি টাইগারদের। আর তার আগেই আজ রোববার সংবাদ সম্মেলনে এসেছিলেন পেসার শরিফুল ইসলাম। সেখানে তিনি খুলে বললেন প্রথম ম্যাচে হুট করে দলে সুযোগ পাওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতা।

মুস্তাফিজুর রহমান শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে যান। আর তখনই টসের মাত্র এক-দুই সেকেন্ড আগে শরিফুলকে জানানো হয়—‘তুমি খেলছো!’ নিজের সেই মুহূর্তের কথা বলতে গিয়ে শরিফুল বলেন, “ওয়ার্মআপের সময়ই জানলাম আমি খেলব। টসের এক-দুই সেকেন্ড আগে আমাকে বলা হয়। তখনই ড্রেসিংরুমে গিয়ে প্রস্তুতি নিই। রিশাদও বলছিল, ‘হয়তো এটা তোমার রিজিক।’ আমিও সেভাবেই নিয়েছি।”

এমন অপ্রস্তুত পরিস্থিতিতে কীভাবে নিজেকে মানিয়ে নেন? শরিফুল জানান, স্কোয়াডে থাকা মানেই সব সময় রেডি থাকা, “আমরা যারা স্কোয়াডে আছি, সবাই রেডি থাকি। কোচিং স্টাফ যাকে সুযোগ দেবে, সে খেলবে। এটা আমাদের হাতে নেই।”

ম্যাচ শুরুর আগে সময় পেয়েছেন হাতে গোনা কয়েক মুহূর্ত। তবুও দ্রুত প্রস্তুতি নিয়েছেন তিনি, “আমি রান-আপ নিয়েছি, ওয়ার্মআপ বল করেছি, তারপর খেলতে নেমেছি। আলহামদুলিল্লাহ, যেটুকু করার চেষ্টা করেছি। উইকেটটা আমাদের ধারণার চেয়ে একটু ভিন্ন ছিল। তবে যেরকমই হোক, মানিয়ে নিতেই হবে।”

প্রথম ম্যাচে হতাশাজনক হারের পরেও ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী এই পেসার, “আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, ব্যাটারদের জন্য সহজ হতো। তবে আমরা সবাই একে অন্যকে সাপোর্ট করি। ইনশাআল্লাহ, পরের ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়াব।”